দর্শকশূন্য গ্যালারিতে শেষ হওয়ার পথেই ছিল পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলতি আসর। শুরু থেকেই ফ্র্যাঞ্চাইজি মালিকরা এমন সিদ্ধান্তের বিরোধিতা করলেও শেষ পর্যন্ত কিছুটা নমনীয় হয়েছে কর্তৃপক্ষ।
আগে সিদ্ধান্ত ছিল, শুধুমাত্র ফাইনাল ম্যাচেই দর্শকরা মাঠে গিয়ে খেলা দেখার সুযোগ পাবেন। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্লে-অফের আরও তিনটি ম্যাচেও স্টেডিয়ামে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। ফলে ফাইনালসহ মোট চারটি ম্যাচে দর্শকদের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।
পিএসএল চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আলোচনার পর এই অনুমতি মিলেছে। তবে ব্যয় সাশ্রয়ের জন্য দর্শকদের গণপরিবহন ব্যবহার কিংবা কম জ্বালানিতে যাতায়াত করতে উৎসাহিত করা হয়েছে।
চলমান আসরের শুরুতে ৬টি ভেন্যুতে ৪৪টি ম্যাচ আয়োজনের পরিকল্পনা ছিল। কিন্তু নিরাপত্তা ও জ্বালানি সংকটের কারণে পরে তা কমিয়ে লাহোর ও করাচিতে সীমাবদ্ধ করা হয়। এমনকি প্রথমে সব ম্যাচই দর্শকশূন্য রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
এবারের প্লে-অফ পর্ব শুরু হচ্ছে আজ মঙ্গলবার থেকে। প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে ইসলামাবাদ ইউনাইটেড ও পেশোয়ার জালমি। বাকি ম্যাচগুলো লাহোরে অনুষ্ঠিত হবে এবং ৩ এপ্রিল ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামবে।