তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে বড় সংগ্রহ গড়েছে নিউজিল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮২ রান করেছে কিউইরা। ফলে জিততে হলে বাংলাদেশকে গড়তে হবে রেকর্ড রান তাড়ার চ্যালেঞ্জ, কারণ এই রান তাড়া করে জয়ের নজির এখনো নেই টাইগারদের।
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত চারটি জয় পেয়েছে বাংলাদেশ। এর মধ্যে একটি ম্যাচে আগে ব্যাট করে জিতেছিল টাইগাররা। বাকি তিনটি জয় এসেছে রান তাড়া করে, যার মধ্যে সর্বোচ্চ ১৩৫ রান তাড়া করে জয়ের ঘটনা ঘটেছিল ২০২৩ সালে।
চট্টগ্রামে টস জিতে প্রথমে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস। শুরুটা অবশ্য স্বস্তির ছিল বাংলাদেশের জন্য। ইনিংসের দ্বিতীয় ওভারেই হৃদয়ের থ্রোতে রান আউটে ফিরে যান ওপেনার টিম রবিনসন।
তবে এরপর কেটেন ক্লার্ক ও ড্যান ক্লেভার দ্বিতীয় উইকেটে গড়ে তোলেন ৮৮ রানের জুটি। দুজনই খেলেন দারুণ ইনিংস, দুজনেই পৌঁছে যান ফিফটিতে। ক্লার্ক ৩৭ বলে ৫১ রান করেন সাতটি চার ও একটি ছক্কায়। আর ক্লেভার মাত্র ২৮ বলে সমান ৫১ রান করেন সাত চার ও এক ছক্কায়।
এই জুটি ভাঙার পর কিছুটা ছন্দ হারায় নিউজিল্যান্ড। পরের ৫ ওভারে মাত্র ৩০ রান যোগ হয় স্কোরবোর্ডে। দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। বেভন জ্যাকবস ১ রানে এবং ড্যান ফক্সক্রফট ৩ রানে ফিরে যান।
এরপর অধিনায়ক নিক কেলি ইনিংস গুছানোর চেষ্টা করেন। ২৭ বলে ৩৯ রান করে তিনি শরিফুল ইসলামের শিকার হন। শেষদিকে জশ ক্লার্কসন ১৪ বলে ২৭ রানের ক্যামিও খেললেও বড় সংগ্রহে পৌঁছে দেয় নিউজিল্যান্ডকে। নাথান স্মিথ করেন ৪ বলে ২ রান।
বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন রিশাদ হোসেন, নেন দুটি উইকেট। এছাড়া তিনজন বোলার একটি করে উইকেট শিকার করেন। তবে দীর্ঘদিন পর দলে সুযোগ পাওয়া রিপন মন্ডল কোনো উইকেট নিতে পারেননি।