ম্যাচের ফলাফলের চেয়ে মারামারিতেই বেশি আলোচনায় এসেছে স্পেনের সেগুন্দা ডিভিশনের রিয়াল জারাগোজা ও এসডি হুয়েসকার লড়াই। শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে মাঠ যেন পরিণত হয় এক রণক্ষেত্রে।
রোববার (২৬ এপ্রিল) অনুষ্ঠিত এই ম্যাচে উত্তেজনা চরমে পৌঁছায় শেষ মুহূর্তে। জারাগোজার গোলকিপার এস্তেবান আন্দ্রাদা ও হুয়েসকার ডিফেন্ডার হোর্হে পুলিদোর মধ্যে শুরু হয় তীব্র বাকবিতণ্ডা, যা দ্রুতই হাতাহাতিতে রূপ নেয়।
পুলিদো এগিয়ে এলে প্রথমে তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন আন্দ্রাদা। সঙ্গে সঙ্গেই রেফারি তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠ ছাড়ার নির্দেশ দেন। কিন্তু সেখানেই থামেনি নাটক।
মাঠ ছাড়ার সময় হঠাৎই ক্ষিপ্ত হয়ে ওঠেন আন্দ্রাদা। পেছন থেকে গিয়ে পুলিদোর মুখে ঘুষি মারেন তিনি। এই ঘটনার পরই দুই দলের খেলোয়াড় ও স্টাফরা জড়িয়ে পড়েন ব্যাপক সংঘর্ষে।
পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে ওঠে যখন হুয়েসকার গোলকিপার দানি জিমেনেজও সংঘর্ষে যোগ দেন। তিনি আন্দ্রাদার মাথার পেছনে ঘুষি মারেন, যা পরিস্থিতিকে আরও অস্থির করে তোলে।
শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রেফারি আরও একটি লাল কার্ড দেখান, জারাগোজার ডানি তাসেন্দেকেও মাঠ ছাড়তে হয়। পুরো ঘটনাই ম্যাচের উত্তেজনাকে ছাপিয়ে যায়।
এতসব নাটকীয়তার মধ্যেও ম্যাচের ফল ঠিকই নির্ধারিত হয়। ১-০ গোলে জয় তুলে নেয় হুয়েসকা। এই জয়ে অবনমন এড়ানোর লড়াইয়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট পায় তারা। অন্যদিকে জারাগোজা থেকে যায় নিচের দিকে।