ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দীর্ঘ অচলাবস্থার পর অবশেষে মাঠে গড়িয়েছে দলবদল কার্যক্রম। আজ শনিবার (১৮ এপ্রিল) থেকে শুরু হওয়া এই প্রক্রিয়ার প্রথম দিনেই আলোচনার কেন্দ্রে ছিলেন জাতীয় দলের সাবেক অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ, যিনি প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে দলবদল সম্পন্ন করেন।
দলবদল শেষে স্বস্তির কথা জানিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘সবচেয়ে স্বস্তির খবর হচ্ছে প্রিমিয়ার লিগটা মাঠে গড়াতে যাচ্ছে, ইনশাআল্লাহ। আমরা সবাই এই সুযোগটার জন্য অপেক্ষা করছিলাম। ক্রিকেটারদের জন্য এটা অবশ্যই আনন্দের বিষয়।’
ডিপিএল আবার শুরু হওয়ার পেছনে বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালের ভূমিকার প্রশংসা করে তিনি আরও বলেন, ‘কৃতিত্ব তামিমকেই দিতে হবে। ও এসে এই উদ্যোগটা নিয়েছে। অবশ্যই এটা ক্রিকেটারদের জন্য বড় আয়ের একটি উৎস, তবে দিন শেষে আমরা সবাই মাঠে থাকতে চাই, খেলতে চাই। মাঠে খেলার সুযোগ পাওয়ার থেকে বড় কিছু নেই।’
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবে ফেরার অনুভূতিও ভাগ করে নেন অভিজ্ঞ এই ক্রিকেটার। ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘প্রথমেই ধন্যবাদ প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। ২০০৫ সালে শেষবার খেলেছিলাম তাদের হয়ে, তারপর এবার খেলছি। আমার মনে হয় বছরের পর বছর ধরে প্রাইম ব্যাংক এমন একটি দল যারা খেলোয়াড়দের পারিশ্রমিক নিশ্চিত করে এবং তাদের সুযোগ-সুবিধা সবসময় শীর্ষ মানের হয়। এর কৃতিত্ব প্রাইম ব্যাংককে দিতেই হয়।’
ডিপিএলের এই নতুন শুরুতে তাই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রিকেটাররা, আর মাঠে ফেরার অপেক্ষায় জমে উঠছে ঘরোয়া ক্রিকেটের উত্তাপ।