মোস্তাফিজ ছাড়া আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্স যেন এক অদ্ভুত অন্ধকার চক্রে আটকে গেছে। চেষ্টা আছে, পরিবর্তন আছে, কিন্তু ফল নেই। শুক্রবার গুজরাট টাইটান্সের বিপক্ষে আরও একটি হার সেই হতাশার তালিকাকে লম্বা করল। ৫ উইকেটের এই পরাজয় শুধু আরেকটি ম্যাচ হারাই নয়, বরং দলটির বর্তমান অবস্থার নির্মম প্রতিফলন।
৬ ম্যাচে ৫ হার। পরিসংখ্যানটা যতটা সাধারণ মনে হয়, বাস্তবে তা ততটাই ভয়াবহ। একটি ম্যাচে বৃষ্টির দয়ায় পাওয়া এক পয়েন্ট ছাড়া অর্জনের খাতা একেবারেই ফাঁকা। ১০ দলের আসরে একমাত্র জয়হীন দল এখন কেকেআর, পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে তাদের অবস্থান।
এবারের আসর শুরুর আগে দলটিকে নতুন করে গড়ে তোলার বড়সড় উদ্যোগ নিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। প্রধান কোচ হিসেবে অভিষেক নায়ারের আগমন, সহকারী কোচ হিসেবে শেন ওয়াটসন, বোলিং কোচ হিসেবে টিম সাউদি এবং মেন্টর হিসেবে ডোয়াইন ব্রাভোর উপস্থিতি। সবমিলিয়ে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল। নিলামেও ছিল আগ্রাসী খরচ। কিন্তু কাগজে-কলমে শক্তিশালী এই দল মাঠে এসে যেন নিজের ছায়াটুকুও খুঁজে পাচ্ছে না।
শুক্রবারের ম্যাচে ১৮১ রানের লক্ষ্য দাঁড় করিয়েও শেষ রক্ষা হলো না। গুজরাট টাইটান্স ২ বল বাকি থাকতেই জয় তুলে নেয়। ম্যাচের নায়ক শুভমান গিল, তার ব্যাট থেকে আসে অধিনায়কোচিত ৮৬ রান।
এই হারের মধ্য দিয়ে লজ্জার এক রেকর্ডও গড়ল কেকেআর। এর আগে কখনও মৌসুমের প্রথম টানা ৬ ম্যাচে জয়শূন্য থাকেনি দলটি। ইতিহাস এবার নতুন করে লেখা হলো, তবে তা গৌরবের নয়।
আগামী ১৯ এপ্রিল রাজস্থান রয়্যালসের বিপক্ষে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স। এমন অবস্থায় দলের জন্য সবচেয়ে বড় প্রয়োজন একটি জয়, যা হতে পারে ঘুরে দাঁড়ানোর সূচনা।