বাংলাদেশ ক্রিকেটে পরিবর্তনের হাওয়া বইছে। আর সেই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে এখন তামিম ইকবাল। বোর্ডে নতুন দায়িত্ব নিয়েই একের পর এক সিদ্ধান্তে চমক দেখাচ্ছেন তিনি, আর এবার নজর দিলেন এমন এক জায়গায়, যেটা এতদিন ছিল প্রায় উপেক্ষিত।
কদিন আগেই আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড ভেঙে দিয়ে নতুন করে ১১ সদস্যের অ্যাড-হক কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ। সেই কমিটির প্রধান হিসেবে দায়িত্ব নেন তামিম। দায়িত্ব নিয়েই ঘরোয়া ক্রিকেটারদের বেতন বাড়ানো থেকে শুরু করে মাঠে লিগ ফেরানো, সবখানেই সক্রিয় ভূমিকা রাখছেন তিনি। তবে এবার তার দৃষ্টি গ্যালারির দিকে। দর্শকদের অভিজ্ঞতা বদলাতে চান সাবেক এই অধিনায়ক।
তামিম বলেন, ‘প্লেয়ারদের কি কোনো ধরণের কোনো সমস্যা হচ্ছে কি না এটা নিয়ে আমরা আলোচনা করি। স্টাফরা কোনো সমস্যায় আছে নাকি এটা নিয়ে আলোচনা করি। কিন্তু কিছু কারণে বছরের পর বছর আমরা কোনো সময় আমাদের যারা সবচেয়ে বড় স্টেকহোল্ডার, যারা হলো আমাদের ফ্যানস আর যারা ক্রাউড। যারা মাঠে খেলা দেখতে আসেন তাদের সুযোগ সুবিধা নিয়ে তাদের সাথে আমরা কোনো সময় কথা বলি না বা কথা বলার চেষ্টাও করিনি হয়তোবা।’
তামিম আরও বলেন, ‘যারা মাঠে খেলা দেখতে আসেন তাদের সুযোগ সুবিধা নিয়ে তাদের সাথে আমরা কোনো সময় কথা বলি না বা কথা বলার চেষ্টাও করিনি হয়তোবা। আমি এই জিনিসটা পরিবর্তন করতে চাই। আমি চাই যখন একজন দর্শক আমাদের মাঠে খেলা দেখতে আসবেন তার মাঠে খেলা দেখতে আসবেন তার অভিজ্ঞতাটা একটা দারুণ অভিজ্ঞতা হোক।’
এই উদ্যোগের শুরুটা খুব বেশি দূরে নয়। আসন্ন নিউজিল্যান্ড ক্রিকেট দলের বিপক্ষে সিরিজ দিয়েই দর্শকদের সঙ্গে বসার পরিকল্পনা তামিমের। তার ভাষায়, ‘কী কী জিনিস আমরা ভালো করতে পারি আর কোন কোন জায়গায় আরও উন্নতি আনতে পারি এটা নিয়ে কথা বলব দর্শকের সাথে। এটা আমি ইনশাল্লাহ ১৭ তারিখে আপনারা জানেন যে নিউজিল্যান্ডের সাথে আমাদের হোম সিরিজের প্রথম ম্যাচ। আমরা এই জিনিসটা প্রথম ম্যাচ থেকেই শুরু করবো।’