প্রকাশ পেল শিল্পী সাজ আকবরের নতুন গান ‘আজব বাড়ি আজব ঘর’-এর মিউজিক ভিডিও। আধ্যাত্মিক ভাবনার এই গানটির কথা ও সুর করেছেন শিল্পী নিজেই।
মিউজিক্যাল ফিল্মটি নির্মিত হয়েছে বিরুলিয়া গ্রামের ‘উঠান’ রিসোর্টে। এতে মডেল ও অভিনেত্রী মার্জান সুমি অভিনয় করেছেন। বিশেষ চরিত্রে রয়েছেন জ্যেষ্ঠ অভিনেত্রী শিখা খান মৌ। পাশাপাশি বিরুলিয়া গ্রামের স্থানীয় বাসিন্দারাও বিভিন্ন চরিত্রে অভিনয়ের মাধ্যমে কাজটিকে আরও জীবন্ত করে তুলেছেন।
‘হার্ট টু ফ্রেম প্রডাকশনস’-এর তত্ত্বাবধানে মিউজিক্যাল ফিল্মটি নির্মাণ করেছেন নির্মাতা মশিউর রহমান। গানটি প্রসঙ্গে তিনি বলেন, গানটি আধ্যাত্মিক ভাবনার, যেখানে মানুষ বাস্তব জীবনের ব্যস্ততায় পরপারের কথা প্রায় ভুলেই যায়, তখন স্বপ্ন এসে মনে করিয়ে দেয় মৃত্যুর কথা। আর গল্পের সঞ্চালক তথা শিল্পী নিজেই অভিনয়ে বিশেষ দক্ষতা দেখিয়েছেন, যা আমাকে অভিভূত করেছে। দর্শকদের বলব, আজব বাড়ি আজব ঘর গানটি দেখুন, বেশি বেশি শেয়ার দিয়ে অন্যদের দেখার এবং শোনার সুযোগ করে দিন। একই সঙ্গে এই গানের টিমকে উৎসাহিত করুন।
উল্লেখ্য, ‘আজব বাড়ি আজব ঘর’ গানটির সংগীতায়ন করেছেন প্রয়াত ঝংকার খন্দকার। মিউজিক্যাল ফিল্মটির শিল্প নির্দেশনায় ছিলেন তামভির হাসান সৃজন। সহকারী নির্দেশক হিসেবে কাজ করেছেন আরিফুল ইসলাম ও প্রতিক আহমেদ। এছাড়া শিক্ষানবিশ হিসেবে যুক্ত ছিলেন সৈকত খান।
চিত্রগ্রহণ করেছেন মাহমুদুল হক সাঈদ এবং আলোক প্রক্ষেপণে ছিলেন আলমগীর। বিরুলিয়া গ্রামের মানুষের সহযোগিতায় পুরো কাজটি পেয়েছে প্রাণবন্ত রূপ।
গানটি ‘ঈগল মিউজিক’-এর ব্যানারে প্রকাশিত হয়েছে।