ট্রেন্ডের পেছনে ছুটতে গিয়ে কখন যে বিপদ ডেকে আনে, তার এক বাস্তব উদাহরণ দেখা গেল স্টেডিয়ামের গ্যালারিতেই। রিল বানানোর নেশায় এবার বড়সড় ক্ষতির মুখে পড়লেন এক কনটেন্ট ক্রিয়েটর। ঘটনাটি পিসিএ স্টেডিয়ামে, যেখানে পাঞ্জাব কিংস ও সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ শেষে অদ্ভুত এক ঘটনার জন্ম হয়। মাঠের লড়াই শেষ, গ্যালারি প্রায় ফাঁকা। ঠিক তখনই শুরু হয় অন্য এক ‘ড্রামা’।
হায়দরাবাদের জার্সি নয়, বরং শ্রেয়াস আইয়ার নামের জার্সি পরে মধুপ্রিয়া নামের এক নারী দর্শক নামেন রিল বানাতে। ট্রেন্ডিং কনটেন্ট, স্টেডিয়ামে একটি আংটি ছুড়ে ফেলা হবে! তারপর সেটি খুঁজে বের করার পুরো ঘটনাটা ভিডিও করা হবে।
সবকিছু ঠিকঠাকই শুরু হয়েছিল। আংটি ছোঁড়া হলো, ক্যামেরাও চালু করা হলো। কিন্তু তারপরই সব গড়বড়। আংটিটি কোথায় গড়িয়ে গেল, তা আর বুঝতেই পারেননি তিনি। মুহূর্তেই হাসির রিল বদলে যায় উদ্বেগে।
বন্ধুদের নিয়ে শুরু হয় খোঁজাখুঁজি। গ্যালারির এক কোণা থেকে আরেক কোণা, কিন্তু কোথাও নেই সেই আংটি। ভিডিও চলতে থাকে, কিন্তু শেষটা হয় পুরো উল্টোভাবে, আংটি ছাড়াই।
পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের হতাশা প্রকাশ করেন ওই নারী। তার ভাষায়, ‘৭০ হাজার রুপির ক্ষতি হয়ে গেল। আংটি এখনও পাইনি। যদি পিসিএ স্টেডিয়ামের কোনও কর্মী এই ভিডিওটি দেখেন, তাহলে দয়া করে ওই আংটি খুঁজে আমাদের ফেরত দিবেন।’
ভিডিওটি ছড়িয়ে পড়তে সময় নেয়নি। ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে কমেন্ট বক্সে শুরু হয় আলোচনা। কেউ সহানুভূতি দেখিয়েছেন; আবার কেউ কড়া ভাষায় মনে করিয়ে দিয়েছেন যে, ট্রেন্ডের নেশা কখনো কখনো বেশ চড়া মূল্যও চুকাতে বাধ্য করে।