তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে সোমবার ঢাকায় এসেছে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। আগামী ১৭ এপ্রিল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ওয়ানডে সিরিজ। এর আগে দুই সিরিজের জন্যই ম্যাচ অফিসিয়ালদের তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পুরো সিরিজের ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যান্ডি পাইক্রফট।
সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচই সকাল ১১টায় শুরু হবে। প্রথম দুটি ম্যাচ হবে মিরপুরে, আর শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। প্রথম ও তৃতীয় ওয়ানডেতে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন ভারতের নিতিন মেনন। দ্বিতীয় ম্যাচে তার সঙ্গে থাকবেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংওর্থ।
স্থানীয় আম্পায়ারদের মধ্যে তানভীর আহমেদ প্রথম ওয়ানডে, গাজী সোহেল দ্বিতীয় ওয়ানডে এবং মাসুদুর রহমান মুকুল তৃতীয় ওয়ানডেতে অন-ফিল্ড দায়িত্ব পালন করবেন। ওয়ানডে সিরিজে টিভি আম্পায়ারের দায়িত্বও ভাগাভাগি করবেন ইলিংওর্থ ও মেনন।
ওয়ানডে শেষে চট্টগ্রামে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ম্যাচগুলো শুরু হবে দুপুর ২টায়। প্রথম টি-টোয়েন্টিতে অন-ফিল্ড আম্পায়ার থাকবেন গাজী সোহেল ও মোর্শেদ আলী খান।
দ্বিতীয় ম্যাচে দায়িত্বে থাকবেন মাসুদুর রহমান মুকুল ও তানভীর আহমেদ। আর শেষ টি-টোয়েন্টিতে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন মাসুদুর রহমান মুকুল ও গাজী সোহেল। পুরো টি-টোয়েন্টি সিরিজেও আইসিসি ও বিসিবি প্যানেলভুক্ত আম্পায়াররা পর্যায়ক্রমে অন-ফিল্ড ও টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন।