সৌদি প্রো লিগে যেন থামতেই জানে না আল নাসর। একের পর এক জয় তুলে নিয়ে এবার তারা গড়ে ফেলল নতুন ইতিহাস। আল আখদুদের বিপক্ষে ২-০ গোলের জয়ে টানা ১৪ ম্যাচ জয়ের অনন্য কীর্তি গড়েছে দলটি, যা ক্লাব ইতিহাসে এর আগে কখনো দেখা যায়নি।
এই জয়ের ফলে লিগ টেবিলের শীর্ষে থাকা আল নাসরের পয়েন্ট দাঁড়িয়েছে ২৮ ম্যাচে ৭৩। দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের চেয়ে তারা এগিয়ে ৫ পয়েন্টে, আর হাতে এখনো বাকি ৬টি ম্যাচ।
ম্যাচের শুরু থেকেই ছিল আল নাসরের আগ্রাসী মনোভাব। সেই ধারাবাহিকতায় ১৫ মিনিটেই দলকে এগিয়ে দেন ক্রিস্টিয়ানো রোনালদো। কাছ থেকে নেওয়া নিখুঁত শটে মৌসুমে নিজের ২৪তম গোল করেন তিনি। লিগের সর্বোচ্চ গোলদাতার দৌড়ে তিনি এখন মাত্র তিন গোল পিছিয়ে আইভান টনির থেকে।
দ্বিতীয়ার্ধ শুরু হতেই ব্যবধান বাড়ায় আল নাসর। ৪৭ মিনিটে কিংসলে কোমানের হেড পোস্টে লেগে ফিরে এলে রিবাউন্ড থেকে সহজ সুযোগ কাজে লাগান জোয়াও ফেলিক্স; এতেই ম্যাচ কার্যত নিশ্চিত হয়ে যায়।
তবে এই জয় শুধু আরেকটি তিন পয়েন্ট নয়। ২০১৩-১৪ মৌসুমে গড়া আগের রেকর্ড ভেঙে এটি এখন আল নাসরের ইতিহাসের দীর্ঘতম টানা জয়। দলটির বর্তমান ফর্ম আর আত্মবিশ্বাস দেখে স্পষ্ট, শিরোপার দৌড়ে তারা এখন সবচেয়ে শক্ত অবস্থানেই রয়েছে।