লাতিন আমেরিকার অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ এবারও তৈরি করল তীব্র উত্তেজনা ও নাটকীয়তা। দক্ষিণ আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে শুক্রবার দিবাগত রাতে ৩-০ গোলের বড় জয় তুলে নিয়েছে ব্রাজিলের যুব দল। এই জয়ের মধ্য দিয়ে তারা নিশ্চিত করেছে আগামী নভেম্বর অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের টিকিট। অন্যদিকে বড় সুযোগ হাতছাড়া করেছে আর্জেন্টিনা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ব্রাজিল। ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তারা এবং একের পর এক আক্রমণে চাপে ফেলে আর্জেন্টিনাকে। শেষ পর্যন্ত রিকেলমে হেনরিকের জোড়া গোল এবং এদুয়ার্দো কন্সেকাওয়ের এক গোলে ম্যাচটি একতরফা রূপ নেয়। পুরো টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত থাকা ব্রাজিল গ্রুপ ‘বি’-তে সবার উপরে অবস্থান করছে পূর্ণ পয়েন্ট নিয়ে।
অন্যদিকে, এই হারেও আর্জেন্টিনার স্বপ্ন শেষ হয়ে যায়নি। তারা এখনো ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের দ্বিতীয় স্থানে আছে। তাদের পেছনে রয়েছে ভেনেজুয়েলা ও বলিভিয়া (৪ পয়েন্ট) এবং পেরু (০)। তাই শেষ ম্যাচটি আর্জেন্টিনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামীকাল রবিবার রাত ২টায় বলিভিয়ার বিপক্ষে জিততে পারলেই সেমিফাইনাল এবং বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতে পারবে তারা।
তবে ম্যাচের শেষদিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ব্রাজিল-আর্জেন্টিনা লড়াইয়ের ঐতিহ্য অনুযায়ী মাঠে দেখা যায় হাতাহাতির ঘটনা। একপর্যায়ে আর্জেন্টাইন খেলোয়াড় তোবিয়াস গয়তিয়া লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ফলে বলিভিয়ার বিপক্ষে পরবর্তী ম্যাচে তাকে ছাড়াই খেলতে হবে আর্জেন্টিনাকে।
রোববার গ্রুপপর্বের শেষ দিনে আর্জেন্টিনা বনাম বলিভিয়া এবং ব্রাজিল বনাম ভেনেজুয়েলা ম্যাচের মাধ্যমে চূড়ান্ত হবে সেমিফাইনাল ও বিশ্বকাপের বাকি হিসাব-নিকাশ। প্যারাগুয়েতে অনুষ্ঠিত এই টুর্নামেন্ট থেকে মোট সাতটি দল কাতারে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে জায়গা করে নেবে। দুই গ্রুপের শীর্ষ দুই দল সরাসরি সেমিফাইনাল ও বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। বাকি তিনটি টিকিট নির্ধারিত হবে প্লে-অফের মাধ্যমে তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দলগুলোর মধ্যে।