সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও ২০২৪ সালের নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস শুক্রবার (১০ এপ্রিল) জানিয়েছেন, ২০২৮ সালে প্রেসিডেন্ট পদে আবারও লড়ার বিষয়টি বিবেচনা করছেন তিনি।
এদিন নিউইয়র্ক সিটিতে রেভারেন্ড আল শারপটন প্রতিষ্ঠিত নাগরিক অধিকার সংস্থা ন্যাশনাল অ্যাকশন নেটওয়ার্কের এক সভায় শারপটন তাকে সরাসরি প্রশ্ন করেন, তিনি আবারও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না।
জবাবে উপস্থিত জনতার হর্ষধ্বনির মধ্যে হ্যারিস বলেন, ‘হয়তো লড়ব, আমি এ বিষয়ে ভাবছি।’
সাবেক এই ভাইস প্রেসিডেন্ট বলেন, ২০২৮ সালে কে ‘আমেরিকান জনগণের জন্য’ প্রেসিডেন্ট হিসেবে সবচেয়ে ভালো কাজ করতে পারবেন, সেই প্রেক্ষাপট বিবেচনা করেই তিনি নিজের প্রার্থিতার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
জো বাইডেনের অধীনে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা কমলা হ্যারিস ২০২৪ সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজিত হন। ওই নির্বাচনে ট্রাম্প পপুলার ভোট ও ইলেকট্রোরাল কলেজ উভয় ক্ষেত্রেই জয়লাভ করেন।
এর আগে যুক্তরাষ্ট্রের সিনেটর ও ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন হ্যারিস।
তবে ২০২৮ সালে হ্যারিসের জন্য পথটি চ্যালেঞ্জিং হতে পারে বলে মনে করছে রয়টার্স। সাম্প্রতিক বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে, ট্রাম্পের কাছে হ্যারিসের পরাজয়ের পর ডেমোক্র্যাটিক পার্টির ভোটাররা এখন নতুন নেতৃত্ব দেখতে চাইছেন।
রয়টার্স জানিয়েছে, ন্যাশনাল অ্যাকশন নেটওয়ার্কের এই সম্মেলনে সম্ভাব্য আরও কয়েকজন ডেমোক্র্যাটিক প্রার্থীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। তাদের মধ্যে পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো, সাবেক পরিবহনমন্ত্রী পিট বুটিগিগ ও ইলিনয়ের গভর্নর জে বি প্রিটজকার অন্যতম।