আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানানোর চিন্তা থেকে সরে দাঁড়ালেন পাকিস্তানের ওপেনার ফখর জামান। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই ফরম্যাট থেকে অবসর নেওয়ার পরিকল্পনা থাকলেও এখন সেই সিদ্ধান্ত বদলেছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ফখর জানান, ‘বিশ্বকাপের পর আমি টি-টোয়েন্টি থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে এখন আর অবসর নিতে চাই না। আমি আমার ক্যারিয়ার আরও সমৃদ্ধ করে তবেই শেষ করতে চাই।’
বিশ্বকাপের আগে ব্যাট হাতে ছন্দহীনতায় ভুগছিলেন ফখর। টুর্নামেন্টেও প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি তিনি। তবে শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৮৪ রানের ইনিংস খেলে কিছুটা ছন্দে ফেরার ইঙ্গিত দেন। তবুও তখন তার মাথায় ছিল আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়ানোর ভাবনা।
পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত ১২০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ফখর। ১৩২.৫২ স্ট্রাইকরেটে তার মোট রান ২ হাজার ৪৯৪, সঙ্গে রয়েছে ১৪টি অর্ধশতক। যা তার অভিজ্ঞতা ও সামর্থ্যেরই প্রমাণ।
বর্তমানে পিএসএল দিয়ে নিজের ফর্ম ফিরে পাওয়ার সুযোগ ছিল তার সামনে। টুর্নামেন্টের শুরুটা ভালো করলেও পরের ম্যাচেই ধাক্কা খেয়েছেন তিনি। করাচি কিংসের বিপক্ষে ম্যাচের শেষ ওভারে বল টেম্পারিংয়ের অভিযোগে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হন ফখর। এই শাস্তির বিরুদ্ধে আপিল করলেও তা খারিজ হয়ে যায়।