ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে একটি স্থানীয় ক্রিকেট ম্যাচ ঘিরে শুরু হওয়া তর্ক শেষ পর্যন্ত রূপ নিয়েছে মর্মান্তিক সহিংসতায়। রান আউটের একটি সিদ্ধান্ত নিয়ে বিতর্কের জেরে প্রাণ হারিয়েছেন ২১ বছর বয়সী এক আম্পায়ার, আহত হয়েছেন আরও কয়েকজন।
গত রোববার (৫ এপ্রিল) সন্ধ্যায় পেদাগাদিলি এলাকার একটি মাঠে এই ঘটনা ঘটে। সেখানে তিনটি দলকে নিয়ে চলছিল একটি টি-টোয়েন্টি সিরিজ। ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন ডোলা অজিত বাবু এবং তার সহকারী বুদুমুরি চিরঞ্জীবী।
ম্যাচ চলাকালীন নন-স্ট্রাইকার প্রান্তে একটি রান আউটের সিদ্ধান্তকে কেন্দ্র করে ব্যাটসম্যান অজিত বাবু ও প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের মধ্যে তর্ক শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আম্পায়াররা হস্তক্ষেপ করে বিষয়টি সাময়িকভাবে মীমাংসা করেন এবং খেলা আবার শুরু হয়।
তবে খেলা শেষ হওয়ার পর ঘটনাটি নতুন মোড় নেয়। স্থানীয় এক দর্শক কান্তা কিশোর, যিনি ‘বক্সার’ নামে পরিচিত, আগের ঘটনার জের ধরে আবারও অজিত বাবু ও আম্পায়ার চিরঞ্জীবীর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। উপস্থিত লোকজন পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও তিনি ক্রমশ উত্তেজিত হয়ে ওঠেন।
পুলিশ জানায়, এক পর্যায়ে কিশোর ভিকটিমদের ফোন করে একটি নির্দিষ্ট স্থানে দেখা করতে বলেন। ম্যাচ শেষে অজিত বাবু, চিরঞ্জীবী এবং তাদের কয়েকজন বন্ধু সেখানে গেলে ফের তর্ক শুরু হয়।
সার্কেল ইন্সপেক্টর মাল্লেশ্বর রাও জানান, সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই কিশোর হঠাৎ ছুরি বের করে দুই আম্পায়ারের ওপর হামলা চালান। এতে অজিত বাবুর বুকে গুরুতর আঘাত লাগে এবং তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। তাকে বাঁচাতে গিয়ে চিরঞ্জীবীসহ আরও কয়েকজন আহত হন।
আহতদের প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে গুরুতর অবস্থায় অজিত বাবুকে বিশাখাপত্তনমের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের অভিযোগ, একটি রান আউটের সিদ্ধান্ত ঘিরে শুরু হওয়া বিতর্ক আগেই মীমাংসা হয়েছিল। কিন্তু পরে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়। নিহতের ভাই জানান, হামলাকারী কোনো ক্রিকেটার ছিলেন না; তিনি পাশের এলাকার বাসিন্দা এবং মদ্যপ অবস্থায় ফিরে এসে আক্রমণ চালান।
তিনি আরও জানান, আগের দিন গ্রাম্যভাবে বিষয়টি মিটে গেলেও সন্ধ্যায় কিশোর পকেটে ছুরি নিয়ে নির্দিষ্ট স্থানে ডেকে এনে অজিত বাবুর ওপর হামলা চালান।
ঘটনার পর নিহতের বাবা ডোলা আপ্পালা রাজু স্থানীয় থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, প্রাসঙ্গিক ধারায় মামলা নেওয়া হয়েছে এবং অভিযুক্ত কান্তা কিশোরকে গ্রেপ্তারে অভিযান চলছে।