বিশ্বকাপের প্রস্তুতিকে আরও ধারালো করতে মার্চ উইন্ডোতে কঠিন পরীক্ষার মুখে পড়ছে ফ্রান্স। প্রতিপক্ষও একেবারে হালকা নয়, লাতিন ফুটবলের দুই শক্তিশালী দল ব্রাজিল ও কলম্বিয়ার বিপক্ষে টানা দুই হাইভোল্টেজ প্রীতি ম্যাচ খেলবে দিদিয়ের দেশমের দল।
আগামী ২৬ মার্চ যুক্তরাষ্ট্রের বোস্টনে ব্রাজিলের মুখোমুখি হবে ফ্রান্স। এরপর ২৯ মার্চ ওয়াশিংটনে কলম্বিয়ার বিপক্ষে নামবে তারা। বড় আসরের আগে নিজেদের শক্তি যাচাইয়ের এটাই শেষ বড় সুযোগগুলোর একটি। এই দুই ম্যাচ সামনে রেখে কিলিয়ান এমবাপ্পের নেতৃত্বে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছেন প্রধান কোচ দিদিয়ের দেশম। দলে ফিরেছেন উসমান দেম্বেলে, যিনি চোটের কারণে দেশের হয়ে গত বছরের শেষ পাঁচটি ম্যাচ খেলতে পারেননি। তার ফেরাটা আক্রমণভাগে বাড়তি গতি ও সৃজনশীলতা যোগ করবে বলেই মনে করা হচ্ছে।
অধিনায়ক এমবাপ্পেও ফিরেছেন দলে। গত নভেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে আজারবাইজানের বিপক্ষে খেলেননি তিনি। ফলে ব্রাজিলের বিপক্ষে ম্যাচে রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে তার দ্বৈরথ দেখার অপেক্ষায় ফুটবল ভক্তরা। তবে দলে নেই তরুণ স্ট্রাইকার ব্র্যাডলি বারকোলা। সম্প্রতি পিএসজির হয়ে খেলতে গিয়ে অ্যাঙ্কেলে চোট পাওয়ায় তাকে বাইরে রাখতে হয়েছে। তার জায়গায় সুযোগ পেয়েছেন র্যান্ডাল কোলো মুয়ানি।
স্কোয়াডে সবচেয়ে বড় চমক হিসেবে জায়গা করে নিয়েছেন গোলরক্ষক লুকাস শ্যাভালিয়র, যা অনেকের জন্যই ছিল অপ্রত্যাশিত। দেশম জানিয়েছেন, এই উইন্ডো শেষে আগামী ১৩ মে ফ্রান্সের চূড়ান্ত বিশ্বকাপ দল ঘোষণা করা হবে; যেখানে এই ম্যাচগুলোর পারফরম্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রীতি ম্যাচের জন্য ফ্রান্স স্কোয়াড:
গোলরক্ষক: লুকাস শ্যাভালিয়র, মাইক মাইগনান, ব্রাইস সাম্বা।
রক্ষণভাগ: লুকাস দিনিয়ে, মালো গুস্তো, লুকাস হার্নান্দেজ, থিও হার্নান্দেজ, পিয়েরে কালুলু, ইব্রাহিমা কোনাতে, উইলিয়াম সালিবা, দায়োত উপামেকানো।
মাঝমাঠ: এদুয়ার্দো কামাভিঙ্গা, এনগোলো কান্তে, মানু কোনে, আদ্রিয়েন র্যাবিয়ট, অঁরেলিয়ে চোয়ামেনি, ওয়ারেন জাইরে-এমেরি।
আক্রমণভাগ: ম্যাগনেস আকলিউচে, রায়ান চেরকি, উসমান ডেম্বেলে, দেজিরে দুয়ে, হুগো একিটিকে, র্যান্ডাল কোলো মুয়ানি, কিলিয়ান এমবাপে, মাইকেল ওলিসে, মার্কাস থুরাম।