নিজেদের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় প্রথম লেগের মত সমান তালে আধিপত্য দেখিয়েছে বায়ার্ন মিউনিখ। আর সেই দাপটেই ইউরোপের মঞ্চে নিজেদের শক্ত অবস্থান আরও দৃঢ় করেছে জার্মান জায়ান্টরা। রাউন্ড অব সিক্সটিনে আটালান্টাকে ৪-১ গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে ভিনসেন্ট কোম্পানির দল।
আটালান্টার বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বায়ার্ন। ২১ মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন হ্যারি কেইন। প্রথমার্ধের শেষ দিকে আবার গোল করে ব্যবধান দ্বিগুণ করেন এই ইংলিশ তারকা ফরোয়ার্ড এবং চ্যাম্পিয়নস লিগে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করেন। তার এই জোড়া গোলেই ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই নিজেদের হাতে নিয়ে নেয় স্বাগতিকরা।
বিরতির পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি বায়ার্নকে। লেনার্ট কার্ল ও লুইস দিয়াজ গোল করে ব্যবধান আরও বাড়ান, ফলে ম্যাচটি পুরোপুরি একপেশে হয়ে যায়। আটালান্টা শেষ দিকে একটি সান্ত্বনাসূচক গোল পেলেও সেটি কেবল ব্যবধান কমানো ছাড়া আর কোনো প্রভাব ফেলতে পারেনি ম্যাচের ফলাফলে। পুরো ম্যাচ জুড়েই বায়ার্নের ছন্দ, গতি আর আক্রমণের ধার ছিল চোখে পড়ার মতো।
দুই লেগ মিলিয়ে ১০-২ ব্যবধানে বড় জয় তুলে নেয় বায়ার্ন মিউনিখ। এদিকে রাতের আরেক ম্যাচে টটেনহামের বিপক্ষে ৩-২ গোলে হেরেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। তবে প্রথম লেগে ৫-২ ব্যবধানে এগিয়ে থাকায় শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে স্প্যানিশ ক্লাবটি।