নেপালের নারী ফুটবল লিগে খেলতে যাচ্ছেন বাংলাদেশের সানজিদা আক্তার। ললিতপুরের ক্লাব জাপা এফসির হয়ে মাঠ মাতাবেন এই উইঙ্গার। মঙ্গলবার নেপালে পৌঁছেছেন দুটি সাফজয়ী এই ফুটবলার।
এর আগে ভারত ও ভুটানের নারী ফুটবল লিগে অভিজ্ঞতা অর্জন করেছেন সানজিদা। ভারতের ইস্টবেঙ্গলের প্রথম বিদেশি নারী ফুটবলারের ভূমিকায় খেলেছিলেন তিনি। এবার বাংলাদেশের প্রথম নারী ফুটবলারের হিসেবে সানজিদা সুযোগ পেলেন নেপাল লিগে খেলার।
নেপালের লিগে নিজের পারফরম্যান্স নিয়ে আশাবাদী সানজিদা বলেন, ‘আশা করি ভালো পারফরম্যান্স করে দলকে সাফল্য এনে দিতে পারব। ভুটান ও ভারতের লিগে খেলেছি। নেপালের লিগে খেলার এই প্রথম অভিজ্ঞতা হবে।’
সবশেষে, বাংলাদেশ নারী ফুটবল লিগে পুলিশ এফসির হয়ে খেলে আসেন সানজিদা। তার ভুটানের লিগ খেলার অভিজ্ঞতা রয়েছে। এবার নেপালে তার পারিশ্রমিক ভুটান লিগের চেয়ে বেশি হবে বলে জানিয়েছেন তিনি।