বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হারের পর তীব্র সমালোচনার মুখে পড়েছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। সিরিজের শেষ ম্যাচে ১১ রানে হারের পর দেশটির সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকেরা দল পরিচালনা ও নির্বাচনী প্রক্রিয়া নিয়ে কঠোর মন্তব্য করেছেন।
সম্প্রতি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট থেকেই বিদায় নেওয়ার পর এবার ওয়ানডে সিরিজেও হতাশাজনক পারফরম্যান্স দেখিয়েছে পাকিস্তান। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ওয়ানডে র্যাঙ্কিংয়ে পাকিস্তান বর্তমানে চতুর্থ স্থানে থাকলেও মাঠের খেলায় সেই অবস্থানের প্রতিফলন দেখা যায়নি। বিপরীতে বাংলাদেশ দশম স্থান থেকে উঠে এসেছে নবম স্থানে।
এই হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও সাবেক নির্বাচক কামরান আকমল ব্যঙ্গ করে বলেন, ‘এখন পাকিস্তানের ক্রিকেট দেখাটা যেন কমেডি সিরিয়াল দেখার মতো হয়ে গেছে।’
তিনি আরও বলেন, ‘দল ব্যবস্থাপনা যদি তিন ম্যাচে ৩০ জন খেলোয়াড়ও খেলায়, ফলাফল একই থাকবে।’
আকমলের মতে, দলের ম্যানেজমেন্ট ফলাফলের চেয়ে পরীক্ষা-নিরীক্ষাতেই বেশি মনোযোগ দিচ্ছে। তিনি প্রশ্ন তোলেন,‘দশ নম্বরে থাকা দলের কাছে হারার পর সমর্থকদের কাছে কী জবাব দেওয়া হবে?’
পাশাপাশি তিনি সতর্ক করে বলেন, ‘এভাবে চলতে থাকলে ধীরে ধীরে সমর্থকদের আগ্রহও কমে যাবে।’