সদ্য শেষ হওয়া আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট থেকেই বিদায় নেয় পাকিস্তান। এর পর টুর্নামেন্ট শেষে দলটির খেলোয়াড়দের ইনজুরি ও পারফরম্যান্স নিয়ে শুরু হয় তীব্র সমালোচনা। বিশ্বকাপের পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে সেই সমালোচনা থেকে বেরিয়ে আসার সুযোগ ছিল পাকিস্তানের সামনে। তবে শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন দল শেষ পর্যন্ত সিরিজ হেরে বসে ২-১ ব্যবধানে।
রোববার (১৫ মার্চ) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ১১ রানে হেরে যায় পাকিস্তান। এর ফলে সিরিজও হাতছাড়া হয় তাদের। এই জয়ের মাধ্যমে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে টানা সিরিজ জয়ের নজির গড়েছে বাংলাদেশ। সবশেষ ২০১৫ সালে দুই দল দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল, যেখানে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে পাকিস্তানকে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করেছিল বাংলাদেশ।
দলের এমন পারফরম্যান্সের পর পাকিস্তানের নির্বাচকদের কড়া সমালোচনা করেছেন দেশটির সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে তিনি নির্বাচক কমিটির সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন তোলেন।
আফ্রিদি বলেন, ‘আপনারা ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পারফরম্যান্স দেখেছেন। এখন আমরা বাংলাদেশ সিরিজও ২-১ ব্যবধানে হেরেছি। আমার মতে, নির্বাচক কমিটির সমালোচনা পাওনা। কমিটির সবাই এত ক্রিকেট খেলেছেন, তবুও মনে হয় না যে কোন ফরম্যাটে কাকে অধিনায়ক করা উচিত সে বিষয়ে আপনাদের পরিষ্কার ধারণা আছে।’
এই সিরিজে নতুন মুখ নিয়ে বাংলাদেশ সফরে এসেছিল পাকিস্তান। সিরিজের আগে আব্দুল সামাদ, মাজ সাদাকাত, গাজী ঘোরি, সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান এবং শামিল হুসেন— এই ক্রিকেটারদের কেউই আগে ওয়ানডে খেলেননি। এমনকি সাদ মাসুদ কোনো প্রথম শ্রেণির ম্যাচও খেলেননি।
এমন সিদ্ধান্তেরও সমালোচনা করেন আফ্রিদি। তিনি বলেন, ‘আপনারা ‘সার্জারি’ নাম দিয়ে খুব বেশি সিদ্ধান্ত নিচ্ছেন। আপনারা এমন তরুণ খেলোয়াড়দের দলে নিচ্ছেন, যারা মাত্র কয়েকটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছে। আমাদের ঘরোয়া ক্রিকেটের মানও এমন নয় যে সেখান থেকে নিয়মিতভাবে এমন খেলোয়াড় তৈরি হবে, যারা সরাসরি পাকিস্তান দলে জায়গা নিশ্চিত করতে পারে।’
সাবেক এই অলরাউন্ডার আরও বলেন, ‘যেসব সিনিয়র খেলোয়াড় দলে থাকার যোগ্য ছিল, যদিও টি-টোয়েন্টিতে তাদের পারফরম্যান্স খুব শক্তিশালী না, তাদের ওয়ানডেতে কিন্তু খুব ভালো রেকর্ড ছিল। কিন্তু সার্জারির নামে আপনারা সেই অভিজ্ঞ খেলোয়াড়দেরও দূরে রাখছেন।’