ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবার মাঠের বাইরের এক ঘটনায় আলোচনায় এসেছেন। রাঁচিতে নির্ধারিত গতিসীমা অতিক্রম করে গাড়ি চালানোর অভিযোগে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে তাকে এক হাজার রুপি জরিমানা করা হয়েছে।
ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ট্রাফিক মনিটরিং সিস্টেমে ধরা পড়ে ধোনির গাড়ির গতিসীমা লঙ্ঘনের বিষয়টি। এরপর মোটর ভেহিকেল অ্যাক্টের ১৮৩ ধারায় তার নামে একটি ই-চালান ইস্যু করা হয়। তবে এ বিষয়ে এখনও ধোনির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এদিকে মার্চের শেষ সপ্তাহে শুরু হতে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন আসর সামনে রেখে চেন্নাই সুপার কিংস (সিএসকে) তাদের নতুন জার্সি উন্মোচন করেছে। গত ১ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিও বার্তার মাধ্যমে ভক্তদের সামনে আনা হয় জার্সিটির নতুন ডিজাইন।
গত মৌসুমটি সিএসকের জন্য বেশ হতাশাজনক ছিল। ১৪ ম্যাচের মধ্যে ১০টিতে হেরে পয়েন্ট টেবিলের তলানিতে শেষ করেছিল পাঁচবারের চ্যাম্পিয়নরা। সেই ব্যর্থতা কাটিয়ে উঠতে এবার দলে বেশ কিছু পরিবর্তন এনেছে ফ্র্যাঞ্চাইজিটি। রবীন্দ্র জাদেজা ও স্যাম কারানের পরিবর্তে উইকেটরক্ষক-ব্যাটার সঞ্জু স্যামসনকে দলে ভিড়িয়েছে দলটি।
৪৪ বছর বয়সী ধোনি গত মৌসুমে প্রত্যাশিত ফর্মে না থাকলেও দলে উঠে আসা কয়েকজন তরুণ ক্রিকেটার আশার আলো দেখাচ্ছেন। ডিওয়াল্ড ব্রেভিস, আয়ুষ মাত্রে ও উরভিল প্যাটেলের মতো তরুণদের পারফরম্যান্স ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে। পাশাপাশি রেকর্ড ১৪.২০ কোটি রুপি খরচ করে প্রশান্ত বীর ও কার্তিক শর্মার মতো আনক্যাপড খেলোয়াড়দেরও দলে নিয়েছে চেন্নাই।
মাঠের বাইরে জরিমানার খবর সামনে এলেও নতুন মৌসুমে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই প্রস্তুতি নিচ্ছেন ধোনি ও তার দল।