পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরু হতে আর মাত্র এক সপ্তাহ বাকি। কিন্তু এই সময়েও সাকিব আল হাসানকে ঘিরে অনিশ্চয়তা কাটেনি। ফলে অভিজ্ঞ এই অলরাউন্ডারকে ছাড়াই পাকিস্তান সিরিজে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল।
পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য সাকিবের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, যেগুলোর নিষ্পত্তি এখনো হয়নি। এসব আইনি জটিলতা শেষ হবাড় পরই তাকে দেশে ফেরানোর বিষয়টি বিবেচনা করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ জন্য সাকিবের আইনজীবীদের কাছ থেকে প্রয়োজনীয় নথি সংগ্রহ করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
কক্সবাজারে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বোর্ড পরিচালক আসিফ আকবর জানান, সাকিবের আইনি জটিলতা নিরসনে মন্ত্রণালয় ও বিসিবি সমন্বয় করে কাজ করছে। তবে এসব মামলার নিষ্পত্তি পাকিস্তান সিরিজ শুরুর আগেই শেষ হওয়ার সম্ভাবনা নেই। ফলে আসন্ন সিরিজ দিয়ে জাতীয় দলে তার ফেরার সম্ভাবনাও আপাতত নেই।
এদিকে সাকিবের ফিটনেস ও দীর্ঘদিন অনুশীলনের বাইরে থাকা নিয়েও প্রশ্ন উঠেছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে নির্বাচকরাও তাকে আপাতত দলে রাখছেন না। ইতোমধ্যে পাকিস্তান সিরিজের জন্য দল বোর্ডে জমা দেওয়া হয়েছে। সেই তালিকায় সাকিবের নাম নেই। জানা গেছে, দলে জায়গা পেয়েছেন নাহিদ রানা ও আফিফ হোসেন।