শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারার পিতা ক্ষেমা সাঙ্গাকারা না ফেরার দেশে চলে গেছেন। মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে পরিবার। আজ বুধবার (৪ মার্চ) ক্ষেমা সাঙ্গাকারার শেষকৃত্য সম্পন্ন হবে।
ক্ষেমা সাঙ্গাকারা একজন প্রখ্যাত আইনজীবী ছিলেন। তিনি সাঙ্গাকারার প্রথম কোচও ছিলেন এবং ক্রিকেটে হাতেখড়ি হয়েছিল তারই হাত ধরে। পেশাদার না হলেও তিনি তার ছেলের ক্রিকেট ক্যারিয়ারে বিরাট ভূমিকা রেখেছিলেন। ক্যান্ডিতে প্রতিদিন কয়েক ঘন্টা কুমার ও তার ভাইবোনদের অনুশীলন করাতেন। ছোটবেলা থেকেই কঠোর পরিশ্রম ও কারিগরি দক্ষতার ওপর জোর দিয়েছিলেন তিনি। এক পর্যায়ে ছেলেকে টেনিস থেকে সরিয়ে ক্রিকেটে পুরো মনোযোগ দিতে উৎসাহিত করার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নেন।
পরিবারের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘গভীর শোকের সঙ্গে জানাচ্ছি যে আইনজীবী এস. কে. সাঙ্গাকারা আর আমাদের সঙ্গে নেই। তিনি কুমারীর স্নেহধন্য স্বামী, থুশারী, ভেমিন্দ্র, সারঙ্গা ও কুমারের প্রিয় পিতা। ক্যান্ডিতে তার নিজ বাসভবনে আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীরা শেষ শ্রদ্ধা জানাবেন। পরিবারের গোপনীয়তা রক্ষার অনুরোধ করছি।’
বিবৃতিতে আরও জানানো হয়েছে, ‘৪ মার্চ ২০২৬, সন্ধ্যা ৬টায় ক্যান্ডির মহাইয়াওয়া সিমেট্রিতে শেষকৃত্য অনুষ্ঠিত হবে। বিকেল ৪টা ৩০ মিনিটে বাসভবন থেকে শবযাত্রা শুরু হবে। পরিবার, বন্ধু, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের কাছে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।’
বিশ্বমানের ক্রিকেটার হয়ে ওঠার পরও কুমার সাঙ্গাকারা বারবার উল্লেখ করেছেন, তার পিতা এখনও তার পূর্ণ সামর্থ্যে পৌঁছাতে সাহায্য করেছেন। বিদায়ী ভাষণে তিনি বাবার অনুপ্রেরণার কথা বিশেষভাবে স্মরণ করেছিলেন।