যদি কোনোদিন আর বিনামূল্যে ফেসবুক, ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ চালাতে না পারেন তবে কেমন হবে? এমন আৎকে ওঠার মতোই খবর জানাচ্ছে প্রযুক্তি জায়ান্ট মেটা। পরীক্ষামূলকভাবে এসব সামাজিক যোগাযোগ অ্যাপসে সাবস্ক্রিপশন সুবিধা চালু করতে যাচ্ছে মেটা। যার ফলে ব্যবহারকারীদের নিজেদের ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হলে প্রতি মাসে পরিশোধ করতে হবে নির্দিষ্ট পরিমাণ টাকা।
এখনই আৎকে উঠবেন না। এই সুবিধা ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের বর্তমান ব্যবহারকে ক্ষতিগ্রস্ত করবে না। বরং পেইড সাবস্ক্রিপশনের মাধ্যমে ব্যবহারকারীরা বর্ধিত কৃত্রিম বুদ্ধিমত্তা সক্ষমতাসহ বিভিন্ন বিশেষ ফিচারে প্রবেশাধিকার পাবেন। তবে প্ল্যাটফর্মগুলোর মূল পরিষেবাগুলো বরাবরের মতোই বিনামূল্যে ব্যবহার করা যাবে।
ফেসবুকের মূল প্রতিষ্ঠানটি বিভিন্ন ফিচারের জন্য সাবস্ক্রিপশন পরীক্ষা করার পরিকল্পনা করেছে, যার মধ্যে রয়েছে তাদের ভিডিও তৈরির অ্যাপ ‘ভাইবস’। এছাড়াও মেটা তাদের সাবস্ক্রিপশন প্ল্যানে ‘মানুস’ নামক একটি এআই প্রতিষ্ঠানকে ব্যবহার করবে। চীনভিত্তিক এই প্রতিষ্ঠানটি গত ডিসেম্বরে মেটা প্রায় ২ বিলিয়ন ডলারে কিনে নেয়।
গত বছর ফেসবুক একটি পরীক্ষা চালিয়েছিল যেখানে ইউকে এবং ইউএস-এর কিছু ব্যবহারকারীরা সাবস্ক্রিপশন ছাড়া তারা ফেসবুক পোস্টে সীমিত সংখ্যক লিঙ্ক শেয়ার করতে পারবেন। এর আগে, ২০২৩ সাল থেকে মেটা পেইড ভেরিফিকেশন সার্ভিস চালু করেছে, যা মাসিক ফি’র বিনিময়ে ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের ‘ব্লু টিক’ প্রদান করে।