একুশ শতকের সবচেয়ে দীর্ঘতম পূর্ণ সূর্যগ্রহণ ঘটতে যাচ্ছে ২ আগস্ট ২০২৭। এদিন সূর্য পুরোপুরি ঢাকা পড়বে ও ৬ মিনিট ২৩ সেকেন্ড স্থায়ী হবে পূর্ণ সূর্যগ্রহণ।
এটিই হতে যাচ্ছে একুশ শতকের সবচেয়ে দীর্ঘ পূর্ণ সূর্যগ্রহণ। ওই দিন পৃথিবীর বিস্তীর্ণ অঞ্চল অল্প সময়ের জন্য অস্বাভাবিক অন্ধকারে ঢেকে যাবে। সূর্য পুরোপুরি চাঁদের আড়ালে চলে যাওয়ায় কয়েক মিনিটের জন্য দিন ও রাতের পার্থক্য বোঝা যাবে না।
সূর্যগ্রহণের সময় ইউরোপ, উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের কিছু অঞ্চল ৬ মিনিট পর্যন্ত অন্ধকারাচ্ছন্ন থাকবে বলে ধারণা করা হচ্ছে। ইউরোপের বেশির ভাগ অংশ, পশ্চিম এশিয়া ও পূর্ব আফ্রিকার বিভিন্ন দেশে আংশিকভাবে এ সূর্যগ্রহণ দেখা গেলেও যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও এশিয়ার বেশির ভাগ দেশ থেকে তা দেখা যাবে না।
বহু বছর ধরেই জ্যোতির্বিজ্ঞানীরা এ গ্রহণের পূর্বাভাস দিয়ে আসছিলেন। আধুনিক প্রযুক্তির সহায়তায় এখন গ্রহণের সময়, গতিপথ ও কোন কোন অঞ্চল থেকে এটি দেখা যাবে তা নির্ভুলভাবে নির্ধারণ করা হয়েছে।
পূর্ণ সূর্যগ্রহণের সরু পথটি শুরু হবে মরক্কো ও দক্ষিণ স্পেন থেকে। পরে তা অতিক্রম করবে আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়া, মিসর ও সৌদি আরব, শেষে ইয়েমেন ও সোমালিয়ার উপকূলে গিয়ে শেষ হবে। এর আশপাশের বিস্তীর্ণ অঞ্চলে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। অনেক জায়গায় দুপুরের আকাশ এমন অন্ধকার হবে, যেন মনে হবে হঠাৎ রাত নেমে এসেছে।
চাঁদের ছায়া ঘণ্টায় প্রায় দুই হাজার কিলোমিটার বেগে পৃথিবীর ওপর দিয়ে অগ্রসর হবে। মরুভূমি, নদীতীর, খোলা মাঠ কিংবা শহরের ছাদ, সব জায়গা থেকেই মানুষ এ বিরল প্রাকৃতিক দৃশ্য দেখার সুযোগ পাবে।