রোববার (৫ এপ্রিল) মালয়েশিয়ার পাসির মাস সেশন কোর্টে তিন বাংলাদেশি ও এক থাই নাগরিককে জরিমানা পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত চারজনই পুরুষ ও এর আগে তারা সেশনস কোর্টের বিচারক জুলকিফলি আবদুল্লাহর সামনে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছিলেন।
২৫, ২৮ এবং ৩৮ বছর বয়সী তিন বাংলাদেশির বিরুদ্ধে অভিবাসন আইনের ধারা ১৫(১)(সি) অনুযায়ী মালয়েশিয়ায় অতিরিক্ত সময় অবস্থানের অভিযোগ আনা হয়। অন্যদিকে, ৪৯ বছর বয়সী থাই নাগরিকের বিরুদ্ধে একই আইনের ধারা ৬(১)(সি) অনুযায়ী অবৈধভাবে দেশে প্রবেশের অভিযোগ আনা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক আদালত কর্মকর্তার বরাতে নিউ স্ট্রেইটস টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, চারজনই নির্ধারিত জরিমানা পরিশোধ করতে ব্যর্থ হন।
আদালত কর্মকর্তা বলেন, ‘চারজনই জরিমানা দিতে না পারায় তাদের পাসির মাস স্যাটেলাইট কারাগারে পাঠানো হয়েছে।’
এর আগে, গত ২৯ মার্চ রাজ্য অভিবাসন বিভাগের এক অভিযানে তাদের আটক করা হয়।