জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘আমরা ব্যালটের প্রস্তুতি নিচ্ছি, আর একটি দল নিচ্ছে বুলেটের প্রস্তুতি। আবারও যদি পাতানো নির্বাচনের দিকে যাওয়া হয়, তবে জনগণের বিদ্রোহ আপনারা সামলাতে পারবেন না।’
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে খুলনার ফুলতলা বাজার এলাকায় জামায়াতে ইসলামী আয়োজিত এক নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘একটি দল কালো টাকা নিয়ে নির্বাচনে নেমেছে। তারা মিডিয়া দখল করেছে। প্রকাশ্যে তারা গণভোটের হ্যাঁ ভোটের কথা বললেও তলে তলে জনগণের সঙ্গে প্রতারণা করছে।’
ভোটারদের সতর্ক করে তিনি বলেন, ‘টাকা নিয়ে যদি আপনি বিক্রি হন, তবে আগামী পাঁচ বছর আপনাকে গোলামি করতে হবে। ভোট হচ্ছে আমানত, শহীদদের রক্তের কসম, আপনারা এবার টাকার বিনিময়ে ভোট দেবেন না। এতে আল্লাহর আরশ কেঁপে উঠবে।’
গণমাধ্যমের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, ‘মিডিয়া মালিকদের বলছি, আর কত দালালি করবেন? সাংবাদিকদের দোষ দিচ্ছি না, দোষ মালিকদের। আপনাদের বিএনপি, জামায়াত বা এনসিপির মিডিয়া হওয়া লাগবে না, আপনারা জনগণের মিডিয়া হন।’
জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার।