ঢাকা-১৮ আসনের জামায়াত-এনসিপিসহ ১০ দলের ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ জোটের প্রার্থী আরিফুল ইসলাম বলেছেন, ‘বিভিন্ন স্থানে আমাদের নারী সদস্যদের নির্বাচনী প্রচারে বাধা দেওয়া হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। এ ধরনের পরিস্থিতি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করছে।’
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) সকালে উত্তরার রাজলক্ষ্মী এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন, ‘আমার পক্ষে যারা নির্বাচনী প্রচার চালাচ্ছে, তাদের পাশাপাশি দলের নেতাকর্মীদের বিভিন্ন জায়গায় নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। এতে করে তারা স্বাভাবিকভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে পারছেন না।’
আরিফুল বলেন, ‘আপনারা জানেন, নির্বাচনী প্রচারকালে আমার ওপর সরাসরি হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা চিহ্নিত হলেও পুলিশ এখনো তাদের গ্রেপ্তার করেনি। অন্যদিকে হামলাকারীর বিরুদ্ধে বিএনপির পক্ষ থেকে লোকদেখানো ব্যবস্থা নেওয়া হয়েছে, কারণ ওই ব্যক্তি প্রকাশ্যে এখনো বিএনপির প্রার্থীর প্রচারে অংশ নিচ্ছে।’
এক প্রশ্নের জবাবে আরিফুল ইসলাম বলেন, ‘দেশের মানুষ ভারতীয় আধিপত্যবাদ, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে। তারা পরিবর্তন চায় এবং দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে।’
এর আগে, সকাল সাড়ে ১০টায় জসিম উদ্দীনের আরএকে টাওয়ারের সামনে থেকে গণসংযোগ শুরু করেন আরিফুল ইসলাম। এরপর রাজলক্ষ্মী এলাকায় কুশল সেন্টারের ব্যবসায়ীসহ ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন তিনি। পরে মসজিদুত তাকওয়া মসজিদে জোহরের নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে গণসংযোগ করেন ঢাকা-১৮ আসনে জামায়াত-এনসিপি সমর্থিত ১০ দলীয় জোট মনোনীত এই প্রার্থী।