নির্বাচন যত ঘনিয়ে আসছে, প্রশাসন তার আগের রূপ প্রকাশ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নাটোরের সিংড়া বাসস্ট্যান্ডে এনসিপির এক নির্বাচনী পথসভায় তিনি বলেন, ‘নির্বাচন কমিশন ও প্রশাসনের পক্ষপাতিত্বের কারণে এখন সরকারি কর্মকর্তারাও প্রকাশ্যে ধানের শীষের ভোট চাচ্ছেন, যা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ।’
আসিফ মাহমুদ বলেন, ‘পঞ্চগড়ে একজন প্রিজাইডিং কর্মকর্তা প্রকাশ্যে ধানের শীষের ভোট চাইছেন, এমন দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে সবাই দেখেছে। এটি গণতন্ত্রের জন্য ভয়ংকর বার্তা।’
১১ দলীয় জোট নির্বাচন কমিশনে অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা নেওয়া হয় না। অথচ বিএনপি কোনো প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ করলে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এক প্রার্থীকে শোকজ করার পরদিনই সংশ্লিষ্ট কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে বলে অভিযোগ করেন আসিফ মাহমুদ।
আসিফ মাহমুদ আরও বলেন, ‘প্রশাসনকে ব্যবহার করে আবারও কেউ পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চাইলে মনে রাখতে হবে, শেখ হাসিনার মতো আর পার পাওয়া যাবে না। গত তিনটি পাতানো নির্বাচনের মাধ্যমে তিনি ক্ষমতায় এসেছিলেন। কিন্তু ৫ আগস্টের পরের বাংলাদেশে তা আর সম্ভব নয়। প্রয়োজনে দেশের মানুষ ভোটের জন্য জীবন দেবে।’
নাটোর-৩ আসনে জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় জোটের পক্ষে শাপলা কলি প্রতীকের প্রার্থী এস এম জার্জিস কাদির বলেন, ‘সিংড়ার বহু তরুণ নেশায় আসক্ত ও অনেক শিক্ষিত যুবক বেকার। জনগণ দায়িত্ব দিলে তিনি হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করবেন।’
এনসিপির যুগ্ম সদস্য সচিব ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন বলেন, ‘প্রশাসন এনসিপির কথা শোনে না এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হচ্ছে না। চট্টগ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হলেও পুলিশ বলছে লিখিত অভিযোগ না থাকায় তারা ব্যবস্থা নিতে পারছে না।’
তিনি আরও বলেন, ‘নাটোর-৩ আসনের মানুষ ভাগ্যবান, তারা এস এম জার্জিস কাদিরের মতো একজন শিক্ষককে অভিভাবক হিসেবে পেয়েছেন। নির্বাচিত হলে তিনি ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করবেন।’
এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির মুখ্য সমন্বয়কারী ও যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেন, ‘যারা ভোটকেন্দ্র দখল করে ক্ষমতায় যেতে চায়, তাদের সে চেষ্টা সফল হতে দেওয়া হবে না। জনগণ ভোটকেন্দ্র পাহারা দিয়ে ভোটাধিকার নিশ্চিত করবে।’
এনসিপির যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন এনসিপির সংগঠক (দক্ষিণাঞ্চল) ফয়সাল আহমেদ, জামায়াতে ইসলামীর নাটোর জেলা শুরা সদস্য আফসার আলী, সিংড়া উপজেলা জামায়াতের আমির আমানুল্লাহ খান, পৌর জামায়াতের আমির মাওলানা সাদরুল উলা, পৌর সেক্রেটারি মো. মিজানুর রহমান, সহ-সেক্রেটারি আব্দুল মন্নাফ, খেলাফত মজলিসের উপজেলা সেক্রেটারি মুফতি রুহুল আমীন, ইসলামী ছাত্রশিবির সিংড়া উপজেলা সভাপতি ইমরান আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
দেশজুড়ে নির্বাচনি পদযাত্রার অংশ হিসেবে আয়োজিত এ পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত, উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম কনক, রাসেল আহমেদ মোল্লা, জেলা কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব হাফিজুর রহমান ময়না, যুগ্ম আহ্বায়ক তাহাশ নূরসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীরা।