প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর সম্প্রতি প্রথমবার ঢাকা বিশ্ববিদ্যালয় সফর করেন তারেক রহমান। এই সফরের পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে তার বিশ্ববিদ্যালয়জীবন নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকেই তারেক রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকার স্মৃতি তুলে ধরছেন।
এ প্রসঙ্গে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আদৌ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন কি না—এমন প্রশ্ন তোলা হচ্ছে। এ বিষয়ে তিনি স্পষ্টভাবে বলেন, তারেক রহমান অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
আসিফ নজরুল আরও লেখেন, ‘তিনি (তারেক রহমান) ১৯৮৫-৮৬ ব্যাচে আইন বিভাগে ভর্তি হয়েছিলেন, মাস দুয়েক ক্লাসও করেছেন। আইন বিভাগের উপরের ব্যাচের একজন ছাত্র হিসেবে তখনই বিষয়টা জানতাম আমি।
তারেক রহমানের সহপাঠীদের মধ্যে বেশ কয়েকজন অতি পরিচিত মানুষ রয়েছেন। সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী, সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসান, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বর্তমান বিচারপতি ফারাহ মাহবুব তারেক রহমানের সহপাঠী ছিলেন।’
তিনি আরও লেখেন, ‘তখন এরশাদের প্রবল শাসন ছিল দেশে। এরশাদ প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ ছিল। সম্ভবত নিরাপত্তা ঝুঁকির কারণে তারেক রহমানের ঢাবির পড়াশোনা বন্ধ হয়ে যায়।’