শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা হলরুমে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি অনলাইন মাধ্যমে প্রকাশিত সংবাদকে ‘বিভ্রান্তিকর’ দাবি করে প্রতিবাদ জানিয়েছে শরীয়তপুর প্রেসক্লাব।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমের কিছু পোস্টে দাবি করা হয়, অনুষ্ঠানে হুইপ সাংবাদিকদের লক্ষ্য করে টিস্যু বক্স নিক্ষেপ করেছেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, অনুষ্ঠান চলাকালে সাময়িক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হলে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রেক্ষিতে টিস্যু বক্সটি তার এক দলীয় কর্মীকে লক্ষ্য করে নিক্ষেপ করেন। এটি কোনো সাংবাদিককে লক্ষ্য করে করা হয়নি এবং এ ঘটনায় কোনো সাংবাদিক অভিযোগও করেনি।
এ ঘটনার পর মঙ্গলবার (১২ মে) সকাল ১১টায় শরীয়তপুর প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মো. আবুল হোসেন সরদার।
সভায় সাধারণ সম্পাদক নূরুল আমিন রবিন, সহসভাপতি শহিদুল ইসলাম পাইলট, সাংগঠনিক সম্পাদক ইসরাফিল বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম শাকিল, কোষাধ্যক্ষ ছগির হোসেন, দপ্তর সম্পাদক মো. আল-আমিন, প্রচার সম্পাদক জামাল মল্লিক, সমাজকল্যাণ সম্পাদক মো. সাইফুল ইসলামসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সভা শেষে শরীয়তপুর প্রেসক্লাবের পক্ষ থেকে বলা হয়, যথাযথ যাচাই-বাছাই ছাড়া বিভ্রান্তিকর ও অসম্পূর্ণ তথ্য প্রচার দায়িত্বশীল সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী। এ ধরনের অপপ্রচার জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে এবং সাংবাদিক সমাজ ও গণমাধ্যমের পারস্পরিক সৌহার্দ্য ও সম্মানবোধ ক্ষুণ্ন করে। আমরা সংশ্লিষ্ট সব গণমাধ্যমকর্মী ও সংবাদমাধ্যমের প্রতি আহ্বান জানাই, তারা যেন সত্য, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের ভিত্তিতে সংবাদ প্রকাশ করেন এবং বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকেন।