সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা ও সাংগঠনিক নির্দেশনা তুলে ধরতে বিএনপি এবং দলটির তিন সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় বসেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৯ মে) বেলা ১১টার দিকে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এ সভা শুরু হয়। দুপুর ১২টার দিকে তিনি অনুষ্ঠানে পৌঁছান।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তৃণমূল নেতাদের সঙ্গে এটিই তারেক রহমানের প্রথম বড় সাংগঠনিক বৈঠক। একইসঙ্গে দেশে প্রত্যাবর্তন এবং ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মাঠপর্যায়ের নেতাদের সঙ্গে এটি তার প্রথম সরাসরি মতবিনিময় সভা।
দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান ও এজেডএম জাহিদ হোসেন উপস্থিত রয়েছেন।
এছাড়া অনুষ্ঠানে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারাও অংশ নেন।
সংশ্লিষ্ট সংগঠনগুলোর নেতারা জানান, সারাদেশের জেলা ও মহানগর ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদকসহ শীর্ষ পর্যায়ের নেতাদের এ মতবিনিময় সভায় আমন্ত্রণ জানানো হয়েছে। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতারাও এতে অংশগ্রহণ করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে দলীয় শৃঙ্খলা জোরদার, সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা, স্থানীয় পর্যায়ের আন্তঃকোন্দল নিরসন এবং চেইন অব কমান্ড পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিতে পারেন তারেক রহমান। সভায় তিন সহযোগী সংগঠনের জেলা ও মহানগর পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নিয়েছেন।