বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের ছাত্র রাজনীতিতে ইসলামী ছাত্রশিবিরের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছেন। শুক্রবার (১৭ এপ্রিল) নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।
স্ট্যাটাসে আব্দুল কাদের বলেন, ৫ আগস্টের পর ছাত্র রাজনীতির নতুন যাত্রাকে কলুষিত করার পেছনে শিবিরের অনেক দায় রয়েছে। ওই সময় সুসংগঠিত শক্তি হিসেবে রাজনীতির নিয়ন্ত্রণ অনেকাংশে তাদের হাতে ছিল বলেও উল্লেখ করেন তিনি।
তিনি অভিযোগ করেন, নিজেদের স্বার্থ হাসিল করতে গিয়ে শিবির নতুন সম্ভাবনার দ্বার রুদ্ধ করেছে। একই সঙ্গে রাজনীতিতে নোংরামির চর্চা শুরু করে প্রতিপক্ষকে নানা কৌশলে নাস্তানাবুদ করার কথাও বলেন তিনি।
আব্দুল কাদের আরও বলেন, সাংগঠনিকভাবে সভ্য ও ভব্য হিসেবে পরিচিত সংগঠনটি চাইলে যোগ্য নেতৃত্ব সামনে আনতে পারত। কিন্তু তা না করে নিম্নস্তরের অযোগ্য ব্যক্তিদের সামনে নিয়ে আসা হচ্ছে, যা সংগঠন ও ছাত্র রাজনীতির সংস্কৃতিকে ক্ষতিগ্রস্ত করছে।