চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল বলেছেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর যদি কোনো দলের তল্পিবাহক হন, তাহলে দেশের ব্যাংক ব্যবস্থাপনার ধ্বংস অনিবার্য। বুধবার (১৮ মার্চ) দুপুর ২টা ২ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে নূরুল ইসলাম বুলবুল লেখেন, ‘বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন—ইসলামী ব্যাংক কোনো দলের অনুগত হতে পারবে না। তবে শুধু ইসলামী ব্যাংক নয়, কোনো ব্যাংকই কোনো দলের অনুগত হওয়া উচিত নয়। তিনি প্রশ্ন তোলেন, তাহলে কি বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিজেই কোনো দলের অনুগত হতে পারেন?’
তিনি আরও বলেন, ইসলামী ব্যাংক ধ্বংসের যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে ব্যাংকটির সঙ্গে সংশ্লিষ্ট ইসলামী ও দেশপ্রেমিক লাখো মানুষ বসে থাকবে না।
উল্লেখ্য, গত সোমবার বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক মো. আবদুল জলিলকে অপসারণ করেন। একই পদে সনদপ্রাপ্ত হিসাববিদ এস এম আবদুল হামিদকে নিয়োগ দেওয়া হয়। একই দিন ব্যাংকটির চেয়ারম্যানসহ চারজন বোর্ড সদস্য এবং শীর্ষ ১০ কর্মকর্তার সঙ্গে বৈঠকে মো. মোস্তাকুর রহমান বলেন, বিগত শেখ হাসিনা সরকারের আমলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি একটি নির্দিষ্ট দল ও গোষ্ঠীর প্রতি অনুগত হয়ে পরিচালিত হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে ব্যাংকটি আর কোনো গোষ্ঠী, দল বা পরিবারের স্বার্থে পরিচালিত হওয়ার সুযোগ নেই। এখন থেকে নিয়মনীতি মেনে পেশাদার ও স্বচ্ছ ব্যবস্থাপনায় ব্যাংক পরিচালনা করতে হবে।