রাজধানীর মিরপুরে পবিত্র ঈদুল ফিতরের জামাতে অংশ নেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বুধবার (১৮ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সকাল ৮টায় মিরপুরের ৬০ ফিট রাস্তা সংলগ্ন মনিপুর গার্লস হাইস্কুল মাঠে ঈদের নামাজ আদায় করবেন তিনি। নামাজ শেষে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
এ বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম বিষয়টি নাগরিক প্রতিদিনকে নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, পবিত্র ঈদুল ফিতরের পরদিন ডা. শফিকুর রহমান সিলেট মহানগরী ও জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে পৃথক স্থানে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। সেখানে তিনি সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন।
এছাড়া ঈদের তৃতীয় দিনে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংবাদিক, বুদ্ধিজীবী, চিকিৎসক, প্রকৌশলী, সমাজসেবক ও প্রশাসনের কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন।