গৌরবের মুক্তিযুদ্ধকে ভূলুণ্ঠিত করা আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের নামে পুনর্বাসন করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শনিবার (৭ মার্চ) ফরিদপুরের অম্বিকা মেমোরিয়াল হলে এনসিপির ফরিদপুর সাংগঠনিক বিভাগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে এ মন্তব্য করেন তিনি।
ইফতার মাফফিলে প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, মুক্তিযুদ্ধের নামে, ৭ মার্চের নামে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা শুরু হয়েছে। আমরা বলতে চাই, মুক্তিযুদ্ধ আমাদের গৌরবের অধ্যায়। কিন্তু আমাদের সেই গৌরবকে আওয়ামী লীগ ভূলুণ্ঠিত করেছে। গুম, খুন, হত্যা, টাকা পাচারসহ নানা অপরাধকে তারা মুক্তিযুদ্ধের নামে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে। সেই আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের নামে, ৭ মার্চের নামে কিংবা শেখ মুজিবুর রহমানের নামে পুনর্বাসন করা যাবে না।
সরকার সর্বপ্রথম জুলাইয়ের আকাঙ্ক্ষার সঙ্গে বেঈমানি করছে উল্লেখ করে তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশের আলোকে আমরা দুটি শপথ নিয়েছি। কিন্তু সরকারি দল একটি শপথ নিয়েই সর্বপ্রথম জুলাইয়ের আকাঙ্ক্ষা ও জুলাই সনদের সঙ্গে বেঈমানি করেছে।
সরকারের সঙ্গে ইতিবাচকভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে নাহিদ বলেন, ১২ তারিখের অধিবেশনের আগেই সংস্কার পরিষদের শপথ নিতে হবে। প্রথম অধিবেশনেই ফ্যাসিবাদী রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে। অন্যথায় এগারো দল রাজপথে নামতে বাধ্য হবে।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্যসচিব ও ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম ও জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক জাহিদ আহসানসহ এনসিপির কেন্দ্রীয় ও ফরিদপুর বিভাগের নেতৃবৃন্দ।