কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া এলাকায় দুর্বৃত্তের ছোড়া ককটেল বিস্ফোরণে মন্দিরের পুরোহিতসহ ৩ জন আহত হয়েছেন। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়।
শনিবার সন্ধ্যায় নগরীর ৮ নম্বর ওয়ার্ডের ঠাকুরপাড়া বাগানবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—বাগানবাড়ি এলাকার সুজাত আলীর ছেলে আবদুল বারেক, নজরুল ইসলামের ছেলে জিহাদ ও কালীবাড়ি শিব মন্দিরের পুরোহিত কেশব চক্রবর্তী।
ঘটনার পরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুমিল্লা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।
ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, পূজার সময় তিন ব্যক্তি একটি ব্যাগ নিয়ে মন্দিরে প্রবেশ করেছিলেন। এর মধ্যে একজন শিব মন্দিরের বটগাছতলায় ককটেল ফেলে রাখেন। পরে পুরোহিত লাঠি দিয়ে সেটি সরাতে গেলেই বিস্ফোরণ ঘটে। এরপর হামলাকারীরা মসজিদের সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে এক পথচারী আহত হন। রমজানের সুন্দর পরিবেশ বিনষ্টের জন্যই ফ্যাসিস্ট ও সন্ত্রাসীরা এসব ঘটিয়েছে বলে মনে করেন পুলিশ সুপার।