তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠক বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক বার্তায় এ কথা জানানো হয়েছে।
এদিন জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
প্রধানমন্ত্রীর শপথের পর পর্যায়ক্রমে ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নেন।
এর আগে সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০৯টি আসনে জয় পেয়ে সরকার গঠনের ঘোষণা দেয় বিএনপি। এর মধ্য দিয়ে প্রায় দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় ফিরল বিএনপি।