ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ ছাড়া বিরোধীদলীয় উপনেতা হিসেবে ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও বিরোধীদলীয় হুইপ হিসেবে নাহিদ ইসলামকে নির্বাচিত করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে ১১ দলীয় জোটের সভা শেষে এসব তথ্য জানান জামায়াত আমির। ডা. শফিকুর রহমান বলেন, ‘জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে সম্মান জানানো সবার দায়িত্ব। সে কারণেই তারা সংবিধান সংস্কার পরিষদে শপথ নিয়েছেন।’
বিএনপি শপথ না নিয়ে জুলাইয়ের চেতনা এবং গণভোটের সিদ্ধান্তকে উপেক্ষা ও অবজ্ঞা করেছে বলেও মন্তব্য করেন তিনি। তারেক রহমান গণভোটে হ্যাঁ বলার পরও শপথ না নেওয়াকে তিনি দুঃখজনক বলে উল্লেখ করেন।
বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম বলেন, ‘সংবিধান সংস্কার পরিষদে শপথ না নিয়ে বিএনপি তাদের রাজনৈতিক প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।’ বিএনপির দেয়া ব্যাখ্যা গ্রহণযোগ্য নয় বলেও দাবি করেন তিনি। এতে আইনি ও সাংবিধানিক সংকট তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম।