রাজধানীর ঢাকা-৪ আসনের ভোটগণনা শেষ করে ফলাফল প্রস্তুত করা হলেও স্কেল শিটে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি আফরোজা খানম স্বাক্ষর না করায় রাতে ফলাফল ঘোষণা করা হয়নি। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে ধোলাইখাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
ফলাফল সংগ্রহের দায়িত্বে থাকা আনোয়ার হোসেন জানান, এই আসনের ১১৫টি কেন্দ্রের ফলাফল একত্র করে প্রাথমিক হিসাব করা হয়েছে। এতে বিএনপি সমর্থিত প্রার্থী তানভীর আহমেদ রবিন পেয়েছেন ৭৪ হাজার ২৮৭ ভোট ও জামায়াত সমর্থিত প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন পেয়েছেন ৭৭ হাজার ৪৮১ ভোট। তবে এটি এখনো আনঅফিশিয়াল ফলাফল।
তিনি বলেন, ‘ফলাফলের স্কেল শিটে এখনও স্বাক্ষর করা হয়নি। আমরা অনুরোধ করেছি অন্যান্য আসনের মতো দ্রুত ফলাফল ঘোষণা করার জন্য। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সার্ভার সমস্যার কথা উল্লেখ করে বিলম্ব করছে। আমরা স্পষ্ট জানিয়েছি, স্বাক্ষর ছাড়া স্থান ত্যাগ করব না। পরে তারা জানান, সকাল দশটার দিকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে ও সব কেন্দ্রের ফলাফলের একটি সমন্বিত যোগফল আমাদের হাতে তুলে দেওয়া হয়েছে।’
স্কেল শিটে স্বাক্ষর না করার বিষয়ে জানতে চাইলে আনোয়ার হোসেন বলেন, ‘দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনের প্রতিনিধি আফরোজা খাতুন যিনি ডেমরা উপজেলা নির্বাচন কর্মকর্তা, স্বাক্ষর করেননি।’
এ বিষয়ে আফরোজা খাতুন বলেন, ‘ফলাফল এখনো চূড়ান্ত হয়নি। এটি কেবল একটি এক্সেল শিট আকারে প্রস্তুত করা হয়েছে, যা এজেন্টদের সরবরাহ করা হয়েছে। সার্ভার সমস্যার কারণে আরএমএসের কাজ সম্পন্ন হয়নি। তাই পূর্ণাঙ্গ ও আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা সম্ভব হচ্ছে না।’
এর আগে প্রায় দুই ঘণ্টা গণমাধ্যমকর্মীদের কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। তারা (গণমাধ্যমকর্মীরা) রিটার্নিং কর্মকর্তার সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও করার চেষ্টা করলেও কোনো সাড়া পাননি। আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয় যেন গণমাধ্যমকর্মীদের কেন্দ্রে প্রবেশ করতে না দেওয়া হয়। ফলে তারা কেন্দ্রের বাইরে অপেক্ষা করতে বাধ্য হন।
অন্যদিকে, ফলাফল ঘোষণার অপেক্ষায় বিএনপি ও জামায়াত সমর্থকদের একটি অংশ সড়ক অবরোধ করলে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করে।