ঢাকা-৮ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা যায়।
এই আসনে মির্জা আব্বাস মোট ভোট পেয়েছেন ৫৭ হাজার ৯২টি। এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫১ হাজার ৩৯৬ ভোট।
এ আসনে মোট ভোটার ছিলো দুই লাখ ৭৫ হাজার ৪৭১ জন। এরমধ্যে, পুরুষ ভোটার এক লাখ ৫২ হাজার ৭৯৫ জন। আর নারী ভোটার এক লাখ ২২ হাজার ৬৭৫ জন আর তৃতীয় লিঙ্গের একজন।
এর আগে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে জড়ো হন মির্জা আব্বাসের নেতাকর্মী ও সমর্থকরা। বৃহস্পতিবার রাত ১১টার পর থেকে নেতাকর্মীরা সেগুনবাগিচার এই কার্যালয়ের সামনে জড়ো হন।
সময় বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীরা ছোট ছোট দলে যোগ দেন। এ সময় তাদের ‘এই মুহূর্তে খবর এলো, মির্জা আব্বাস জিতেই গেলো’, ‘দুঃসময়ে কাছে পাই, সে আমাদের আব্বাস ভাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
এদিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে পুলিশ ও বিজিবি সদস্যদের উপস্থিতি দেখা যায়।