ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মোট নয় ঘন্টা। তবে সাড়ে চারটার পরও যদি কোনো কেন্দ্রের ভেতরে ভোটার থাকে, তাহলে সেই কেন্দ্রে ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
বাংলাদেশের আগের নির্বাচনগুলো সাধারণত সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত মোট আট ঘন্টা চললেও এবার একইদিনে গণভোট অনুষ্ঠিত হওয়ায় ভোটের সময় একঘণ্টা বাড়ানো হয়েছে। পাশাপাশি এবারই প্রথম প্রবাসী ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য পোস্টাল ভোটের ব্যবস্থা করা হয়েছে।
সারাদেশে ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে চলছে ভোটগ্রহণ। সাত লাখ ৮৫ হাজার ২২৫ জন কর্মকর্তা ভোট পরিচালনায় দায়িত্ব পালন করছেন। এদের মধ্যে প্রিসাইডিং অফিসার ৪২ হাজার ৭৭৯, সহকারী প্রিসাইডিং অফিসার দুই লাখ ৪৭ হাজার ৪৮২ ও পোলিং অফিসার চার লাখ ৯৪ হাজার ৯৬৪ জন।
ভোটাররা দুটি ব্যালট পেপারে ভোট দিচ্ছেন। একটি সাদা ব্যালট, এটি সংসদ সদস্য নির্বাচনের ব্যালট। আর গোলাপি ব্যালট গণভোটের।
গত ১১ ডিসেম্বর ত্রয়োদশ সংসদ জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হয়। একজন প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন বাতিল করা হয়েছে। ভোট হচ্ছে ২৯৯টি আসনে।
নির্বাচন কমিশনে মোট নিবন্ধিত রাজনৈতিক দল আছে ৬০টি। এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত আছে। এবারের নির্বাচনে অংশ নিচ্ছে ৫০টি দল।
ইসির দেওয়া তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে ২৯৯ আসনে মোট প্রার্থী আছেন দুই হাজার ২৮ জন। এর মধ্যে ৫০টি রাজনৈতিক দলের প্রার্থী এক হাজার ৭৫৫ জন, স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। মোট নারী প্রার্থী রয়েছেন ৮১ জন।
এবারের নির্বাচনে মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন আর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন এক হাজার ২৩২ জন।
এবার ৩৫ বছরের কম বয়সী ভোটারের সংখ্যা চার কোটি ৯০ লাখ ৪৩ হাজার ৫৬১ জন। এর মধ্যে ১৮ থেকে ২৫ বছর বয়সী ভোটার রয়েছেন দুই কোটি ১২ লাখ ৪২ হাজার ৫৩১ জন। এ বয়সসীমার ভোটারদের মধ্যে পুরুষ এক কোটি ১৭ লাখ ৫১ হাজার ৯০২ জন, নারী ৯৪ লাখ ৯০ হাজার ২২১ জন ও তৃতীয় লিঙ্গের ৪০৮ জন।
অন্যদিকে ২৫ থেকে ৩৫ বছর বয়সী ভোটার রয়েছেন এক কোটি ৭৮ লাখ এক হাজার ৩০ জন। এদের মধ্যে পুরুষ ভোটার এক কোটি ৪১ লাখ এক হাজার ৯০, নারী ভোটার ৩৬ লাখ ৮৯ হাজার ৫৬২ ও তৃতীয় লিঙ্গের ভোটার ৫৬৭ জন।
এবারের নির্বাচনে নিরাপত্তায় প্রথমবারের মতো ইউএভি (আনম্যান এরিয়াল ভেহিকেল), ড্রোন ও বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। নির্বাচনের দায়িত্ব পালনে দুই হাজার ৯৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৬৫৭ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। নির্বাচনে ৮১টি দেশি নিবন্ধিত সংস্থার মোট ৫৫ হাজার ৪৫৪ জন পর্যবেক্ষক দায়িত্ব পালন করছেন।