আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ব্রিফিংকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ভোটের জন্য এখন ৬০ ঘণ্টারও কম সময় বাকি উল্লেখ করে আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, ‘ভোট নিয়ে কোনো শঙ্কা নেই। যদি এখন বলি শঙ্কা আছে, তবে মনে হবে—আমার আস্থার অভাব আছে। কাজেই শঙ্কার কোনো কারণ নেই।’
তিনি আরও জানান, মঙ্গলবার থেকে প্রার্থীদের নির্বাচনী প্রচার কার্যক্রম বন্ধ হবে। এতে বড় ধরনের মিছিল, মিটিং, শোডাউন অন্তর্ভুক্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচার বন্ধ থাকবে বলেও ইসি সচিব আশা প্রকাশ করেন।
সিনিয়র সচিব বলেন, ‘আমাদের কাছে মনিটরিংয়ের ব্যবস্থা রয়েছে। একটি সেল এখানে নিয়মিত নজর রাখে এবং অন্যান্য সরকারি এজেন্সির সঙ্গে তথ্য শেয়ার করা হয়। আমাদের লক্ষ্য একটি সুষ্ঠু ও আনন্দমুখর নির্বাচন নিশ্চিত করা, যেখানে কেউ কষ্ট ভোগ করবে না।’
আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আখতার আহমেদ বলেন, ‘এ পর্যন্ত মারাত্মক কোনো ঘটনা বা খবর আমাদের কাছে আসেনি। তবে দুটি দুর্ঘটনা ঘটেছে, যেখানে দুজনের প্রাণহানি হয়েছে। এগুলো নিন্দনীয়। তফসিল ঘোষণার পর হাদি ও শেরপুরে ঝিনাইগাতিতে দুটি দুর্ঘটনা ঘটেছে।’
তিনি আরও জানান, নির্বাচন উপলক্ষে মিছিল ও মিটিং চলাকালীন বক্তব্য পাল্টা-প্রতিক্রিয়া স্বাভাবিক। তবে সবকিছু শালীনতার মধ্যে চলছে এবং কোনো মারাত্মক ত্রুটি রিপোর্ট করা হয়নি।
ইসি সচিব আরও বলেন, ‘আমাদের গোয়েন্দা নজরদারি কার্যকরভাবে চলছে। চারটি বা ছয়টি সিল এক জায়গা থেকে উদ্ধারও করা হয়েছে। এ পর্যন্ত বড় ধরনের কোনো ব্রিজ অব কন্ডাক্ট পাওয়া যায়নি।’
আচরণবিধি ভঙ্গের অভিযোগ দেখতে মাঠ পর্যায়ে ইলেক্টরাল ইনকোয়ারি অ্যান্ড জুডিকেশন কমিটি, রিটার্নিং অফিসার, এক্সিকিউটিভ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে। অভিযোগের তথ্য প্রাপ্ত হলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানানো হয়।
তিনি আরও বলেন, ‘কোনো রাজনৈতিক দলের অভিযোগ নিয়ে সরাসরি মন্তব্য করলে আমি নৈতিকভাবে দায়বদ্ধ হয়ে পড়ব। তাই আমরা সব অভিযোগের যথাযথ তদন্ত ও ব্যবস্থা নিশ্চিত করছি।’