সম্প্রতি সেনাবাহিনীর চেকপোস্টে সেনা সদস্যের সঙ্গে বিতর্কে জড়ান বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা-১৭ আসনের এমপি প্রার্থী ডা. খালিদুজ্জামান। পরে ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে সে ঘটনাকে ভুল বোঝাবুঝি হিসেবে দাবি করছেন তিনি।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জানান, বেশ কিছু দিন আগে ক্যান্টনমেন্ট এলাকায় প্রবেশকে কেন্দ্র করে বাংলাদেশের গর্ব ও অহংকার, সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী সেনাবাহিনীর দায়িত্বরত সদস্যদের সঙ্গে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়, যা থেকে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম নেয়।
তিনি আরও জানান, বিষয়টি ইতোমধ্যে সমাধান হওয়া সত্ত্বেও দুঃখজনকভাবে একটি স্বার্থান্বেষী মহল এই সমাধানকৃত ইস্যুকে কেন্দ্র করে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চালিয়ে পরিস্থিতিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। যাই হোক উক্ত ঘটনার বিষয়ে আমি দুঃখ প্রকাশ করছি ও ভবিষ্যতে যেন এ ধরনের ভুল বোঝাবুঝি আর না হয় সে ব্যাপারে আমি সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ।
সম্প্রতি বিএমডিসি অনুমোদিত নয় এমন ডিগ্রি তিনি ব্যবহার করছেন অভিযোগ তুলে এই চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ দেয় চিকিৎসকদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। কিন্তু সেই নোটিশকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)।
ডা. এস এম খালিদুজ্জামান একজন বন্ধ্যাত্ব রোগ বিশেষজ্ঞ ও এমব্রায়োলজিস্ট। তিনি প্রধানত টেস্টটিউব বেবি ও পুরুষ বন্ধ্যাত্ব চিকিৎসায় তার দক্ষতার জন্য পরিচিত। তিনি বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান ও কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন। খালিদুজ্জামান ঢাকা-১৭ আসনে জামায়াত সমর্থিত প্রার্থী হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে লড়ছেন।