নীতি সহায়তার আশ্বাস, নিবন্ধনহীন পোর্টাল
নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলোকে সরকারি বিজ্ঞাপনসহ প্রয়োজনীয় নীতি সহায়তা দেওয়ার দাবি যৌক্তিক বলে মনে করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ এবং প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এ বিষয়ে শিগগিরই উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন তারা। একই সঙ্গে অনলাইন সংবাদমাধ্যমের নিবন্ধন, নবায়ন ফি এবং প্রশাসনিক জটিলতা নিরসনের বিষয়েও ইতিবাচক পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী।
সোমবার (১৬ নভেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে তথ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বৈঠকে এসব আলোচনা হয়। বৈঠকে দেশের বিভিন্ন নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক ও প্রতিনিধিরা অংশ নেন।
বৈঠকে ফোরামের পক্ষ থেকে নিবন্ধিত অনলাইন সংবাদমাধ্যমকে সরকারি বিজ্ঞাপনের আওতায় আনা, নিবন্ধনহীন নিউজ পোর্টাল পরিচালনা বন্ধ, বার্ষিক নবায়ন ফি বাতিল এবং কার্যালয়ের ঠিকানা পরিবর্তনের প্রক্রিয়া সহজ করার দাবি জানানো হয়।
ফোরামের আহ্বায়ক ও রাজনীতি ডটকমের সম্পাদক শরিফুজ্জামান পিন্টু অনলাইন সংবাদমাধ্যমের বিদ্যমান সমস্যা ও সমাধানের প্রস্তাব তুলে ধরেন। এ সময় ফোরামের সদস্যসচিব ও ঢাকা স্ট্রিমের সম্পাদক গোলাম ইফতেখার মাহমুদ, প্রধান পৃষ্ঠপোষক ও সোনালী নিউজের প্রকাশক মোহাম্মদ ইউনূছ, জাগো নিউজের সম্পাদক কে এম জিয়াউল হক, খবরের সংযোগের সম্পাদক নজরুল ইসলাম, ঢাকা মেইলের নির্বাহী সম্পাদক হারুন জামিল, দেশ সমাচারের সম্পাদক শাহাদাত হোসেন এবং রাইজিং বিডির নির্বাহী সম্পাদক তাপস রায় বক্তব্য দেন।
লিখিত বক্তব্যে ফোরামের পক্ষ থেকে বলা হয়, নিবন্ধন দেওয়ার বাইরে অনলাইন নিউজ পোর্টালগুলোর জন্য সরকারের কার্যকর নীতিগত সহায়তা প্রায় নেই। নিবন্ধিত অনলাইন সংবাদমাধ্যমকে সরকারি বিজ্ঞাপনের আওতায় আনতে একটি প্রজ্ঞাপন বা সরকারি আদেশ জারি করলেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তা বাস্তবায়ন করতে পারবে। এতে সরকারের অতিরিক্ত আর্থিক দায় তৈরি হবে না। পরবর্তী সময়ে পেজভিউ, নিজস্ব কার্যালয় ও জনবলসহ বিভিন্ন সূচক বিবেচনায় বিজ্ঞাপন বণ্টনের নীতিমালা প্রণয়ন করা যেতে পারে। অন্তর্বর্তী সরকারের মিডিয়া কমিশনও এ বিষয়ে সুপারিশ করেছিল বলে উল্লেখ করেন তারা।
নিবন্ধন ও নীতি সহায়তা নিয়ে কমিটি গঠনের উদ্যোগ
বৈঠকে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, অনলাইন পোর্টালগুলোর নিবন্ধন, স্বীকৃতি ও সুযোগ-সুবিধার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। কয়েক সপ্তাহ ধরে এ বিষয়ে পর্যালোচনা চলছে। অনলাইন সংবাদমাধ্যমগুলোকে কীভাবে নিবন্ধনের আওতায় আনা যায়, সে বিষয়ে একটি কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। গণমাধ্যমের প্রতিনিধিদের কথা শোনা, তাদের সমস্যা ও দাবি-দাওয়া জানা এবং সেগুলো পর্যালোচনা করে সমাধানের উদ্যোগ নিতেই বিভিন্ন গণমাধ্যম সংগঠনের সঙ্গে ধারাবাহিকভাবে মতবিনিময় করছে সরকার।
প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা আপনাদের কথা শোনার জন্যই আজ আমন্ত্রণ জানিয়েছি। আপনাদের দাবি-দাওয়াগুলো আমরা লিপিবদ্ধ করেছি। আমরা আপনাদের সঙ্গে একসঙ্গে কাজ করতে চাই।’
গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, ‘আপনারা খোলামনে লিখবেন, তবে যা বাস্তব, তা-ই লিখবেন। সরকারের ভুল-ত্রুটি থাকলে তা তুলে ধরবেন। এতে কোনো বাধা নেই। একইভাবে দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে সরকারের যেসব উদ্যোগ রয়েছে, সেগুলোও তুলে ধরবেন।’
নিবন্ধনহীন পোর্টাল বন্ধের দাবি
বৈঠকে ফোরামের পক্ষ থেকে জানানো হয়, দেশে বর্তমানে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের সংখ্যা ২৮৩টি। আরও কয়েকশ আবেদন প্রক্রিয়াধীন রয়েছে। অন্যদিকে, নিবন্ধন ছাড়াই শুধু ডোমেইন কিনে ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে কয়েক হাজার ওয়েবসাইট নিজেদের অনলাইন নিউজ পোর্টাল হিসেবে পরিচালনা করছে।
সম্পাদকদের মতে, সাধারণ পাঠকের পক্ষে নিবন্ধিত ও অনিবন্ধিত প্ল্যাটফর্মের মধ্যে পার্থক্য নির্ণয় করা কঠিন। এতে পাঠকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তারা বলেন, মত প্রকাশের স্বাধীনতা অক্ষুণ্ণ রেখেই অনলাইন সংবাদমাধ্যমে শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে। সংবাদপত্র, টেলিভিশন ও রেডিওর মতো অনলাইন নিউজ পোর্টালের ক্ষেত্রেও নিবন্ধন বাধ্যতামূলক করা প্রয়োজন। নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন না করে কোনো পোর্টালের সংবাদ কার্যক্রম পরিচালনার সুযোগ থাকা উচিত নয়।
নবায়ন ফি বাতিল ও প্রশাসনিক জটিলতা নিরসনের দাবি
বৈঠকে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলোর বার্ষিক পাঁচ হাজার টাকা নবায়ন ফি বাতিল বা পুনর্বিবেচনার দাবি জানানো হয়। সম্পাদকরা বলেন, অন্যান্য গণমাধ্যমের ক্ষেত্রে একবার লাইসেন্স বা অনুমোদন নেওয়ার পর নিয়মিত নবায়নের বাধ্যবাধকতা নেই। অথচ অনলাইন পোর্টালগুলোকে প্রতিবছর ফি দিয়ে নিবন্ধন নবায়ন করতে হচ্ছে। এ ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের মিডিয়া কমিশনের সুপারিশ বাস্তবায়নের আহ্বান জানান তারা।
এ ছাড়া অনলাইন নিউজ পোর্টালের কার্যালয়ের ঠিকানা পরিবর্তনের প্রক্রিয়া সহজ করার দাবি জানানো হয়। ফোরামের অভিযোগ, একটি সাধারণ ঠিকানা পরিবর্তনের আবেদন অনুমোদনের জন্য মন্ত্রী ও সচিব পর্যায় পর্যন্ত পাঠাতে হয়। এ ক্ষেত্রে দুটি গোয়েন্দা সংস্থার মতামত নেওয়া এবং তথ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে একাধিকবার ফাইল আদান-প্রদান করতে হয়। এতে দীর্ঘসূত্রতা ও প্রশাসনিক জটিলতা তৈরি হচ্ছে।
সম্পাদকরা বলেন, অনলাইন সাংবাদিকতা এখন মূলধারার গণমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত। প্রায় সব প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের অনলাইন সংস্করণ রয়েছে। কিন্তু শুধু অনলাইনভিত্তিক প্রতিষ্ঠানগুলো আর্থিক ও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে টিকে থাকার সংগ্রাম করছে। সরকারি বিজ্ঞাপন ও নীতিগত সহায়তা পেলে এসব প্রতিষ্ঠানের পক্ষে পেশাদার সাংবাদিকতা অব্যাহত রাখা সহজ হবে।
আওয়ামী লীগের রাজনৈতিক অস্তিত্ব নিয়ে পার্থের মন্তব্য
বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, দলটির কর্মসূচি রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ। গোপালগঞ্জ ছাড়া দেশের অন্য কোথাও দলটির অস্তিত্ব নেই বলে দাবি করেন তিনি।
পার্থ বলেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে গ্রহণযোগ্যতা হারিয়েছে। শেখ হাসিনার রাজনৈতিকভাবে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। জনগণ দলটিকে প্রত্যাখ্যান করেছে, এরপরও তাদের শিক্ষা হয়নি।
গত আট মাসে দেশে কোনো ব্যাংক লুট কিংবা বিদ্যুৎ খাতে দুর্নীতির ঘটনা ঘটেনি উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, আলোচনার কেন্দ্রবিন্দুতে আসতেই আওয়ামী লীগ সহিংস রাজনীতি করছে বলে তিনি মনে করেন। দলটির সাংগঠনিক তৎপরতা না থাকায় অন্যদিকে মনোযোগ সরাতে সহিংস কর্মকাণ্ড চালানো হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগ সরকারের আমলে দেশের অর্থনীতির ক্ষতির প্রসঙ্গে পার্থ বলেন, দলটি যে পরিমাণ ক্ষতি করে গেছে, তা জাতিকে বোঝানো সম্ভব হয়নি। ব্যাংকিং খাতের ব্যালান্সশিট চুরি করে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তার ভাষ্য, ইতিহাসের সবচেয়ে খারাপ সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারপ্রধানের দায়িত্ব নিয়েছেন।
১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত পাকিস্তান দেশের যতটা ক্ষতি করেনি, আওয়ামী লীগ ১৭ বছরে তার চেয়ে বেশি ক্ষতি করেছে বলেও দাবি করেন তথ্যমন্ত্রী।
সংবাদ প্রকাশে দায়িত্বশীলতার আহ্বান প্রতিমন্ত্রীর
বৈঠকে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সরকারের দায়িত্ব গ্রহণের পর গত আট-নয় মাসে কোনো গুম কিংবা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি বলে উল্লেখ করেন। এসব ইতিবাচক পরিবর্তনও গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, সরকার গণতন্ত্রে বিশ্বাস করে। জনগণের ভোটাধিকার নিশ্চিত ও সমুন্নত রাখতে কাজ করছে। এ ক্ষেত্রে গণমাধ্যমের দায়িত্ব ও অবদান অপরিসীম। জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনে গণমাধ্যম যে ভূমিকা রেখেছে, তা অব্যাহত রাখতে হবে।
তবে সংবাদ পরিবেশনে দায়িত্বশীলতার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ২০২৫ সালের ১২ মে প্রকাশিত সরকারি প্রজ্ঞাপনে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ প্রজ্ঞাপনের বিষয়বস্তু ও বিধিনিষেধের প্রতি গণমাধ্যমকে দায়িত্বশীল থাকতে হবে।
দেশের স্থিতিশীলতা বিনষ্ট কিংবা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে—এমন সংবাদ প্রকাশের ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বিশেষ করে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম ও প্রচার-প্রচারণা নিয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে বিদ্যমান আইন ও সরকারি প্রজ্ঞাপন বিবেচনায় রাখার কথা বলেন।
অনলাইন সংবাদমাধ্যমে দ্রুত সংবাদ প্রকাশের প্রবণতা নিয়েও সতর্ক করেন প্রতিমন্ত্রী। বিদেশের কোনো ঘটনা নিয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে শিরোনামে ঘটনার স্থান বা দেশের নাম স্পষ্টভাবে উল্লেখ করার পরামর্শ দেন তিনি। এতে পাঠকের বিভ্রান্তি কমবে বলে মনে করেন প্রতিমন্ত্রী।
ইয়াসের খান চৌধুরী আরও বলেন, বিগত ১৭ বছরে গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ, সংবাদমাধ্যম ও প্রতিষ্ঠান বন্ধ, সাংবাদিকদের হয়রানি, গুম ও হত্যার মতো ঘটনা গণমাধ্যমকর্মীদের মধ্যে ভীতি তৈরি করেছিল। সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সময় প্রয়োজন। তবে বর্তমান সরকার গণমাধ্যমের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ বা চাপ প্রয়োগের নীতিতে বিশ্বাস করে না।