অ্যাডমিরাল পদমর্যাদা লাভ করলেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম। তাকে ভাইস অ্যাডমিরাল থেকে অ্যাডমিরাল পদে পদোন্নতি দেওয়া হয়েছে। রোববার (২৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।
এর আগে, গত ২৩ জুলাই বাংলাদেশ নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন খোন্দকার মিসবাহ উল আজীম। সে সময় তাকে রিয়ার অ্যাডমিরাল থেকে ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি দেওয়া হয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ১৬ জুলাইয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি তিন বছরের জন্য নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। তার মেয়াদ শেষ হবে ২০২৯ সালের ২২ জুলাই।
খোন্দকার মিসবাহ উল আজীম ১৯৮৭ সালের ১ জানুয়ারি বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন । পরে মালয়েশিয়ার রয়্যাল মালয়েশিয়ান নেভিতে মৌলিক নৌ প্রশিক্ষণ সম্পন্ন করে ১৯৮৯ সালের ১ জুলাই এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন।
প্রায় চার দশকের কর্মজীবনে নৌবাহিনীর গুরুত্বপূর্ণ কমান্ড, স্টাফ ও প্রশিক্ষণসংক্রান্ত বিভিন্ন দায়িত্ব পালন করেছেন খোন্দকার মিসবাহ উল আজীম। তিনি চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার, ঢাকা নৌ অঞ্চলের কমান্ডার, সাবমেরিনের কমান্ডার ও বাংলাদেশ নেভাল একাডেমির কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।