প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন মন্তব্য করে বলেছেন, জনগণের প্রশ্নে ও দেশের স্বার্থে সবাইকে এক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। শনিবার (২২ আগস্ট) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) অডিটোরিয়ামে ‘গণঅভ্যুত্থান-উত্তর বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি কোন পথে’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন।
ড. মাহদী আমিন বলেন, গণঅভ্যুত্থানে মানুষের প্রধান আকাঙ্ক্ষা ছিল মানবাধিকার ও বাক স্বাধীনতা নিশ্চিত করা। গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে সরকারকে জনগণের কাছে দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, ‘গণঅভ্যুত্থানে প্রত্যেকের একটাই চাওয়া ছিল—মানবাধিকার ও বাক স্বাধীনতা। শিক্ষার্থীদের কাছেও বাক স্বাধীনতা ছিল একটি বড় আকাঙ্ক্ষা। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল এমন একটি ব্যবস্থা, যেখানে সরকার জনগণের কাছে দায়বদ্ধতা নিশ্চিত করবে।’
তিনি আরও বলেন, রাজনৈতিক আদর্শ ভিন্ন হতে পারে, তবে জনগণের প্রশ্নে ও দেশের স্বার্থে সবাইকে এক থাকতে হবে। গণতন্ত্রে সমালোচনা থাকবে, তবে সেই সমালোচনা অবশ্যই যৌক্তিক হতে হবে। কোনোভাবেই চরিত্রহনন করা উচিত নয়।
বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে মাহদী আমিন বলেন, ‘বিরোধী দলকে উপলব্ধি করতে হবে, সবকিছুর বিরোধিতা করা কাম্য নয়। গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল, সেখানেই আবার ফিরে যেতে হবে। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে হলে অন্তর্ভুক্তিমূলক নীতিনির্ধারণ করতে হবে।’