নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসনে দ্রুতই উপনির্বাচন আয়োজন করা হবে। শনিবার (২৩ আস্ট) নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘যেহেতু আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে, এখন আমরা আইন-বিধি দেখে পরবর্তী ব্যবস্থা নেব। ৯০ দিনের মধ্যে এ আসনে উপনির্বাচন হবে।’
নির্বাচন কমিশনার আরও বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন আসন্ন থাকায় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের জন্য বেশি সময় নেব না, দ্রুতই নির্বাচন আয়োজন করা হবে। এদিকে নতুন রাষ্ট্রপতির দায়িত্বগ্রহণের পর আসনটি শূন্য ঘোষণা করা হয়।
জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২১ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রপতি হিসেবে কার্যভার গ্রহণ করায় সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী সেদিন থেকে তার সংসদীয় আসনটি শূন্য হয়েছে।
সংসদ সচিবালয় এ সংক্রান্ত চিঠি নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠিয়েছে। এখন নির্বাচন কমিশন সচিবালয় আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশের পর উপনির্বাচনের আয়োজন করবে।
এর আগে, গতকাল (শুক্রবার) বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথবাক্য পাঠ করান।