জ্বালানি সংকট সমাধান হবে; তবে ধীরগতিতে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার (২২ আগস্ট) রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ২০২৬ অর্থবছরের দ্বি-বার্ষিক অর্থনৈতিক পরিস্থিতি, রাজস্ব ও মুদ্রানীতি অ বেসরকারি খাতের প্রত্যাশা বিষয়ক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
অর্থমন্ত্রী বলেন, ‘বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা সরকারের নিয়ন্ত্রণে। এই সমস্যা এক মাসে সমাধান হওয়ার মতো সমস্যা নয়। তবে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। জ্বালানি সংকট সমাধান হবে; তবে ধীরগতিতে।’
দেশে বিনিয়োগের পরিবেশ তৈরিতে সরকার কাজ করছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘বিনিয়োগ ছাড়া অর্থনীতিতে কোনো কিছুই করা সম্ভব নয়। এ জন্য সরকার ও বেসরকারি খাতকে একসঙ্গে কাজ করতে হবে।’
আমির খসরু বলেন, ‘একা অর্থমন্ত্রী বা সরকার কিছু করতে পারে না। বিনিয়োগের পরিবেশ তৈরিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বিএনপি ক্ষমতায় এসে বারবার কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়েছে।’
ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানে কমিটি গঠন এবং ওয়েবসাইট চালু করা হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘ব্যবসায়ীরা কোথাও আটকে গেলে তা সমাধানে সরকার বদ্ধপরিকর। তবে কোথাও বাধার মুখে পড়লে ব্যবসায়ীদেরও নিজ উদ্যোগে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’