ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত (৩৯), তার স্ত্রী আফসানা শিম্মিন (২৯), সন্তান শর্ণশীষ দত্ত (৩) ও শ্বশুর আকরাম হোসেন (৬৪) নিহত হয়েছেন।
নিহত দেবাশীষ দত্ত আজকের পত্রিকা ও চ্যানেল নাইনের কুষ্টিয়া প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়ার স্থানীয় দৈনিক আজকের আলো পত্রিকার সম্পাদক গাজী মাহবুব রহমান। তিনি জানান, দেবাশীষ দত্ত ওই পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দেবাশীষ দত্তসহ তার পরিবারের সদস্যরা প্রাণ হারান। নিহতদের মধ্যে তার স্ত্রী, সন্তান এবং শ্বশুর রয়েছেন।
স্থানীয় ওয়েলফেয়ার কমিটির সদস্য মহীশূর জানান, অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে আটজন বাংলাদেশি নাগরিক ও একজন ভারতীয় নাগরিক রয়েছেন।
ভারতের সংবাদমাধ্যম পিটিআই ও এনডিটিভিসহ কয়েকটি সংবাদমাধ্যমও অগ্নিকাণ্ডে আট বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার তথ্য জানিয়েছে। তারা চিকিৎসার উদ্দেশ্যে কলকাতায় গিয়েছিলেন বলে জানা গেছে।
ঘটনাটি জানাজানি হওয়ার পর কুষ্টিয়ার সাংবাদিক মহল ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিহত সাংবাদিক দেবাশীষ দত্তের পরিবার ও স্বজনদের মধ্যে চলছে গভীর শোক ও আহাজারি।