বৃহস্পতিবার (২০ আগস্ট) হতে যাচ্ছে রাষ্ট্রপতি পদে নির্বাচন। এদিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হবে ভোটগ্রহণ। ভোটের ফলাফল প্রকাশের পরেই গেজেট প্রকাশ করা হবে এবং শপথ হবে শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায়। বুধবার (১৯ আগস্ট) দুপুরে এসব তথ্য জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম।
নির্বাচনে ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ। নির্বাচনে দুজন প্রার্থীর কেউই নির্ধারিত সময়ে প্রার্থিতা প্রত্যাহার করেননি। ফলে তফসিল অনুযায়ী বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ হবে।
বর্ণাঢ্য এ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, সরকারপ্রধান, মন্ত্রিসভার সদস্য, রাজনীতিবিদ, সংসদ সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তা এবং কূটনীতিক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন।
এর আগে, গত ২৪ জুলাই ‘শারীরিক ও মানসিক’ অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ ছাড়েন মো. সাহাবুদ্দিন। এরপর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।